সোনাগাজীতে শোক দিবসের সভা পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীতে জাতীয় শোক দিবসের অনুষ্ঠান ছাত্রলীগের নেতা-কর্মীরা পণ্ড করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল শনিবার সকালে উপজেলার বক্তারমুন্সি শেখ শহীদুল ইসলাম ডিগ্রি কলেজে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বতন্ত্র সাংসদ রহিম উল্যার উপস্থিত থাকার কথা ছিল।
তবে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদকের দাবি, সাংসদ বিভিন্ন সময় আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে কটূক্তি করেছেন। এ কারণে কলেজ ছাত্রলীগের নেতা-কর্মী ও সাধারণ ছাত্ররা সাংসদ আয়োজিত শোকসভার অনুষ্ঠান বয়কট করেছেন।
ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের সাংসদ রহিম উল্যা প্রথম আলোকে বলেন, শোক দিবস উপলক্ষে বক্তারমুন্সি শেখ শহীদুল ইসলাম ডিগ্রি কলেজে শোকসভার কর্মসূচি ছিল। তিনি কলেজের পরিচালনা পর্যদেরও সভাপতি। শোকসভায় প্রধান অতিথি হিসেবে তাঁর উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু সকাল ১০টায় তিনি কলেজে পৌঁছার পর ছাত্রলীগ নামধারী কিছু বহিরাগত সাধারণ ছাত্রদের জোর করে কলেজ ক্যাম্পাস ছাড়তে বাধ্য করে। ফলে নির্ধারিত শোকসভা হয়নি।
অভিযোগের বিষয়ে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক দাবি করেন, কলেজ ছাত্রলীগের নেতা-কর্মী ও সাধারণ ছাত্ররা সাংসদের কারণে শোকসভার অনুষ্ঠান বয়কট করেছেন। সাংসদ বিভিন্ন সময় নেতা-কর্মীদের নিয়ে কটূক্তি করার কারণে এ ঘটনা ঘটেছে।