সোনাগাজীতে সাংসদের কার্যালয়ে ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীতে গতকাল বৃহস্পতিবার স্বতন্ত্র সাংসদ রহিম উল্যার ব্যক্তিগত কার্যালয়ের আসবাব ভাঙচুর করা হয়েছে। সাংসদের অভিযোগ, ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারীর অনুসারী যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা এ হামলা চালিয়েছেন।
এদিকে সাংসদ রহিম উল্যার দুই অনুসারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্যমতে, গতকাল দুপুরে ফেনী-৩ আসনের সাংসদ রহিম উল্যার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সোনাগাজী পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিনের সঙ্গে ফেনী-২ আসনের আওয়ামী লীগের সাংসদ নিজাম উদ্দিন হাজারীর অনুসারী যুবলীগের কর্মী আবু সুফিয়ানের হাতাহাতি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে দুই সাংসদের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে এক পক্ষ সাংসদ রহিম উল্যার মালিকানাধীন বিপণিবিতান ও ব্যক্তিগত কার্যালয় ঘেরাও করে এবং সাংসদের ব্যক্তিগত কার্যালয়ের আসবাব ভাঙচুর করে। এ সময় একটি ককটেল বিস্ফোরিত হয়। বিকেলে পুলিশ ও র্যা ব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ওই বিপণিবিতানে তল্লাশি করে সাংসদ রহিম উল্যার অনুসারী দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা হলেন নাসির উদ্দিন ও উপজেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক সৈয়দ দীন মোহাম্মদ।
সাংসদ রহিম উল্যা বলেন, ‘সাংসদ নিজাম উদ্দিন হাজারীর অনুসারী যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা আমার কার্যালয়ে ভাঙচুর চালিয়েছেন। এর আগেও তাঁরা আমার কর্মী-সমর্থকদের ওপর হামলা চালিয়েছেন।’
সাংসদ নিজাম উদ্দিন হাজারীর অনুসারী হিসেবে পরিচিত সোনাগাজী উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল হক অভিযোগ অস্বীকার করে বলেন, সাংসদ রহিম উল্যার সমর্থক নাসির উদ্দিন যুবলীগের নেতা আবু সুফিয়ানের ওপর হামলা করেছেন। এ ছাড়া সাংসদ রহিম উল্যার বিপণিবিতান থেকে ককটেল ছোড়া হয়েছে।
সোনাগাজী থানার ওসি হারুন অর রশিদ বলেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা আছে।