ফেনীর সোনাগাজীতে গতকাল শনিবার স্বতন্ত্র সাংসদ রহিম উল্যাহর গাড়িবহরে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা এই হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশের একজন পরিদর্শকসহ পাঁচজন আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রের ভাষ্যমতে, গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সাংসদ রহিম উল্যাহর গাড়িবহর উপজেলা সদরের আওয়ামী লীগ কার্যালয় অতিক্রম করছিল। এ সময় যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা তাঁর গাড়িবহর লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে শুরু করেন। এতে একটি মাইক্রোবাসের কাচ ভেঙে যায়। এ সময় সাংসদের সমর্থকেরাও পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করেন। সোনাগাজী থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাংসদের সমর্থক এবং যুবলীগ ও ছাত্রলীগের কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের সময় ইটের আঘাতে সোনাগাজী থানার পরিদর্শক (তদন্ত) মেজবাহ উদ্দিন ও কনস্টেবল আবদুল ওহাবসহ পাঁচজন আহত হন। মেজবাহ উদ্দিনকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত সাংসদের সমর্থক মো. মাসুদ ও সাগরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। আহত অপরজনের নাম জানা যায়নি।
স্থানীয় সূত্র জানায়, সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এ ছাড়া সে সময় গুলির শব্দও শোনা গেছে।
সাংসদ রহিম উল্যাহ বলেন, গ্রামের বাড়ি থেকে সোনাগাজী উপজেলা সদর হয়ে ঢাকায় ফেরার সময় আওয়ামী লীগের কার্যালয় থেকে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়।
তবে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন বলেন, সাংসদের গাড়িবহর থেকে দলীয় কার্যালয় লক্ষ্য করে প্রথমে ইট ছোড়া হয়। পরে দলীয় কর্মীরা প্রতিহত করার চেষ্টা করেন। এ সময় পুলিশ দলীয় কর্মীদের লাঠিপেটা করে। এতে কয়েকজন কর্মী আহত হন।
সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
বেশ কিছুদিন ধরে ফেনী-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর সমর্থকদের সঙ্গে ফেনী-৩ আসনের স্বতন্ত্র সাংসদ রহিম উল্যাহর বিরোধ চলে আসছে। এ নিয়ে বেশ কয়েকবার পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে।