সোনাগাজীতে সাংসদের বিরুদ্ধে আ.লীগের বিক্ষোভ, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীতে গতকাল মঙ্গলবার স্বতন্ত্র সাংসদ রহিম উল্যার বিরুদ্ধে বিক্ষোভ করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ সময় পুলিশের লাঠিপেটায় পাঁচজন আহত হন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের সাংসদ রহিম উল্যা ঢাকা থেকে সোনাগাজীর সোনাপুরের গ্রামের বাড়িতে আসছেন—এ খবর পেয়ে গতকাল দুপুর থেকে উপজেলা সদরের জিরো পয়েন্টে জড়ো হতে থাকেন আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেল চারটার দিকে সাংসদ রহিম উল্যার গাড়িবহর জিরো পয়েন্ট অতিক্রম করার সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিক্ষোভ শুরু করেন। এ সময় পুলিশ তাঁদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে পুলিশ মৃদু লাঠিপেটা করে। এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আজিজুল হকসহ পাঁচজন আহত হন। তাঁরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। এ সময় বিক্ষোভকারীরা দুটি মোটরসাইকেল ও একটি মাইক্রোবাস ভাঙচুর করেন।
এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর প্রবেশমুখ মোহাম্মদ আলী বাজারেও সাংসদ রহিম উল্যার বিরুদ্ধে বিক্ষোভের চেষ্টা করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। সেখানেও পুলিশ তাঁদের বাধা দেয়।
বেশ কিছুদিন ধরে টিআর, কাবিখা, কাবিটাসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে সাংসদ রহিম উল্যার সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের বিরোধ চলে আসছে। গত ১৫ নভেম্বর দাগনভূঞায় তাঁর তিনটি কর্মসূচি পণ্ড করে দেওয়া হয়। সেদিন সন্ধ্যায় ফেনী সার্কিট হাউসে তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। পরে ওই রাতেই ঢাকায় চলে যান সাংসদ রহিম উল্যা। গত ২১ নভেম্বর রহিম উল্যার বাড়ির পাশে সমাবেশের নামে ‘শোডাউন’ করে আওয়ামী লীগ। সমাবেশে সাংসদকে এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়। গতকাল তিনি পুলিশের কড়া পাহারায় এলাকায় এলেন।
সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, বিক্ষোভ চলাকালে তিনিসহ পাঁচজন সামান্য আহত হয়েছেন।
সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুল মোস্তফা জানান, সোনাগাজীতে সাংসদের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালে তাঁকে পুলিশের পাহারায় নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে।
সাংসদ রহিম উল্যা বলেন, ‘যারা এসব করছে, তারা টেন্ডারবাজ-চাঁদাবাজ। আগে তারা বিএনপির সঙ্গে ভাগাভাগি করে এসব করেছে। এখন টেন্ডারবাজি-চাঁদাবাজি করতে না পেরে আমার ওপর হামলা করছে। আমাকে এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করছে। এসব করে কোনো লাভ হবে না। তাদের কোনো ছাড় দেওয়া হবে না।’