ফেনীর সোনাগাজীর স্বতন্ত্র সাংসদ হাজি রহিম উল্যার নির্দেশে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতার বাড়িতে হামলা ও ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন উপজেলা আওয়ামী লীগের নেতারা। গতকাল রোববার দুপুরে ফেনী শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।
তবে এ অভিযোগ অস্বীকার করেছেন সাংসদ রহিম উল্যা। তিনি দাবি করেন, অন্যায়ভাবে তাঁর বিরুদ্ধে বিষোদ্গার ও মিথ্যা প্রচারণায় মেতেছেন আওয়ামী লীগের নেতারা।
সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগ ও সোনাগাজী পৌরসভার মেয়র রফিকুল ইসলাম লিখিত বক্তব্যে অভিযোগ করেন, সাংসদের নির্দেশে তাঁর সহযোগীরা ১২ মে রাতে উপজেলার আমিরাবাদ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আইয়ুব নবী ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইফতেখার হোসেনের বাড়িতে হামলা, ডাকাতি, লুটপাট করেন। এ সময় এক গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা করা হয়।
মেয়র রফিকুল ইসলাম দাবি করেন, আওয়ামী লীগের ভোটে ও আওয়ামী লীগ নেতাদের সহযোগিতায় রহিম উল্যাহ সাংসদ নির্বাচিত হয়েছেন। অথচ তাঁর কারণে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান, সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক, আমিরাবাদ ইউপির চেয়ারম্যান জহিরুল আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইদুল হক ও সম্পাদক আবদুল মোতালেন চৌধুরী।
এ প্রসঙ্গে জানতে চাইলে সাংসদ হাজি রহিম উল্যাহ উল্টো সোনাগাজী আওয়ামী লীগকে দোষারোপ করেন।