সোনাতলায় আ.লীগের দুপক্ষে সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার সোনাতলা উপজেলা সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দলিল সম্পাদনের সময় নেওয়া অবৈধ টাকার ভাগ-বাঁটোয়ারা ও উপজেলা দলিল লেখক সমিতির ওপর আধিপত্য প্রতিষ্ঠাকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় সোনাতলা থানা-পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৫টি ফাঁকা গুলি ছোড়ে। সংঘর্ষে সাব-রেজিস্ট্রি কার্যালয়ে প্রায় দুই ঘণ্টা কার্যক্রম বন্ধ থাকে।
স্থানীয় লোকজনের সূত্রে জানা যায়, সোনাতলা উপজেলা সাব-রেজিস্ট্রি কার্যালয়ে জমি কেনাবেচার দলিল সম্পাদনের সময় নানা খাতে ক্রেতা-বিক্রেতাদের কাছ থেকে মোটা অঙ্কের অবৈধ টাকা আদায় করেন দলিল লেখক সমিতির সদস্যরা। এ টাকার ভাগ-বাঁটোয়ারা ও সমিতির ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা নিয়ে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নবীন আনোয়ার এবং পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মশিউর রহমানের মধ্যে বেশ কিছুদিন থেকে বিরোধ চলে আসছিল।
পুলিশ ও নাম প্রকাশে অনিচ্ছুক চারজন প্রত্যক্ষদর্শী জানান, এতদিন নবীন আনোয়ারের কর্তৃত্বাধীন ওই সমিতির নিয়ন্ত্রণ নিজে নিতে মশিউর রহমানের নেতৃত্বে একটি দল গতকাল বেলা ১১টার দিকে সাব-রেজিস্ট্রারের কার্যালয় চত্বরে ঢোকে। এ সময় দুই পক্ষের সমর্থকদের বাগ্বিতণ্ডা হয়। এরই একপর্যায়ে ঘটনা হাতাহাতি থেকে সংঘর্ষে রূপ নেয়। পুলিশ ১৫টি ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টাকালে পুলিশের ওপরও ইটপাটকেল নিক্ষেপ করে সংঘর্ষে জড়িত ব্যক্তিরা। এ সময় সোনাতলা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) হাফিজুর রহমান ও কনস্টেবল মনিরুল ইসলাম আহত হন। তাঁদের তাৎক্ষণিকভাবে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সের জ্যেষ্ঠ স্টাফ নার্স তহরিনা বেগম মুঠোফোনে আহত দুই পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
সমিতির সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম দাবি করেন, জমি ক্রেতা-বিক্রেতাদের কাছ থেকে নিয়মবহির্ভূত টাকা নেওয়ার অভিযোগ সত্যি না। দলিল লেখার পারিশ্রমিক বাবদ যে টাকা পাওয়া যায়, তা কেন্দ্রীয়ভাবে সমিতিতে জমা হয়। সপ্তাহ শেষে তা সমিতির ১০৪ সদস্যের মধ্যে ভাগাভাগি করা হয়। তিনি আরও বলেন, মশিউর রহমান নিজেও একজন দলিল লেখক। তিনি সমিতির নেতৃত্বে আসতে চাইছেন। গতকাল তিনি বহিরাগতদের নিয়ে সমিতির দখল নিতে এলে অন্যরা বাধা দেন।
নবীন আনোয়ার বলেন, তিনি নিজে ওই সমিতির সদস্য না হলেও সভাপতি ও সম্পাদক তাঁর লোক। গতকাল বহিরাগতরা সমিতির নিয়ন্ত্রণ নিতে গেলে সভাপতি-সম্পাদকের পক্ষ নিয়ে তিনি সেখানে গেছেন। পরে পুলিশ এসে ফাঁকা গুলি করে সবাইকে ছত্রভঙ্গ করে দেয়।
এদিকে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও মশিউর রহমান ফোন ধরেননি।
থানার ওসি আবদুল মোতালেব বলেন, গতকাল সন্ধ্যা পর্যন্ত কোনো পক্ষই থানায় মামলা করেনি।