সোনাদিয়া চ্যানেলে স্পিডবোটসহ দুই যুবক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালীতে দুটি স্পিডবোটসহ দুই যুবককে আটক করেছে কোস্টগার্ড। গত শনিবার রাতে উপজেলার কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়া চ্যানেল থেকে তাঁদের আটক করা হয়।
কোস্টগার্ডের কক্সবাজার সদরের কন্টিনজেন্ট কমান্ডার এম এ নেওয়াজ বলেন, ডাকাতির খবর পেয়ে শনিবার বিকেলে কোস্টগার্ডের সদস্যরা একটি স্পিডবোট নিয়ে সাগরে অভিযান শুরু করেন। রাত নয়টার দিকে সোনাদিয়া চ্যানেল থেকে ডাকাতি কাজে ব্যবহৃত একটি স্পিডবোটসহ ডাকাত দলের সদস্য আবদুল জলিল (৩৫) ও মোহাম্মদ রুবেলকে (২০) আটক করা হয়। পরে কক্সবাজার সদরের নোনিয়াছড়া জেটিসংলগ্ন কেওড়া বাগান থেকে ডাকাতি কাজে ব্যবহৃত আরও একটি স্পিডবোট জব্দ করা হয়। তিনি বলেন, আটক দুই যুবক সাগরে ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। গতকাল রোববার দুটি স্পিডবোটসহ আটক দুই ডাকাতকে মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।
মহেশখালী স্পিডবোট চালক সমিতির সভাপতি সালাহউদ্দিনের দাবি, আটক দুজন ডাকাতির সঙ্গে জড়িত নয়।
মহেশখালী থানার ওসি মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, আটক দুই যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।