সোনার কানের দুলের জন্য প্রতারকদের খপ্পরে শিশুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ ও তারাগঞ্জে একটি প্রতারক চক্র প্রাথমিক বিদ্যালয়গামী মেয়েশিশুদের কান থেকে কৌশলে স্বর্ণালংকার খুলে নিচ্ছে। চলতি মাসে দুই উপজেলায় চারটি শিশুর সোনার রিং খুলে নেওয়া হয়। এ ঘটনায় শিশুদের স্বর্ণালংকার পরিয়ে বিদ্যালয়ে না পাঠাতে পরামর্শ দিয়েছেন শিক্ষকেরা।

অভিযোগ সূত্রে জানা গেছে, ১০ সেপ্টেম্বর তারাগঞ্জের কুর্শা গ্রামের আবদুল হান্নানের মেয়ে তৃতীয় শ্রেণির নওশিন নাহার (৯) স্থানীয় সাউথ পয়েন্ট শিশু নিকেতনে যায়। বেলা একটার দিকে ছুটি হলে সে বিদ্যালয় থেকে বের হয়। এ সময় ফটকে আরেকটি শিশুকে নিয়ে ওত পেতে থাকা অজ্ঞাতপরিচয় এক নারী নওশিনের হাত ধরেন। তিনি নিজেকে নওশিনের খালা বলে পরিচয় দেন। পরে সঙ্গে থাকা শিশুটিও নওশিনের সঙ্গে কথা বলে। এ সময় ওই নারী নওশিনকে বলেন, প্রশিক্ষণে ব্যস্ত থাকায় তার মা তাঁকে (ওই নারীকে) বিদ্যালয়ে পাঠিয়েছেন নওশিনকে নিয়ে যেতে। ওই নারী সঙ্গে থাকা ক্যামেরা দিয়ে নওশিন ও তাঁর শিশুর ছবি তোলেন। একপর্যায়ে নওশিনের কানের রিং খুলে অপর শিশুটিকে পরিয়ে তার ছবি তুলতে তুলতে সটকে পড়েন। পরে নওশিন কান্নাকাটি শুরু করায় পথচারীরা তার কাছ থেকে মুঠোফোন নম্বর নিয়ে বাড়িতে ফোন দেয়। নওশিনের বাবা মেয়েকে উদ্ধার করেন।

নওশিনের বাবা আবদুল হান্নান ও মা লুৎফা বেগম বলেন, তাঁরা শখের বশে মেয়ের কানে সোনার রিং পরিয়ে দিয়েছিলেন। লুৎফা বেগম এলাকার গরিব নারীদের কুটিরশিল্পের ওপরে বিভিন্ন প্রশিক্ষণ দেন। যে প্রতারক নারী নওশিনের দুল খুলে নিয়েছেন, তিনি লুৎফা বেগমের ব্যস্ততা সম্পর্কে জানেন।

অনেকটা একই কায়দায় বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ২ সেপ্টেম্বর তারাগঞ্জের আলমপুর গ্রামের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ইসমত আরা তাবাসসুমের (৯) কানের সোনার রিং এক প্রতারক খুলে নিয়েছে। এখানেও এক নারী প্রতারক নিজেকে ইসমতের ফুফু বলে পরিচয় দিয়ে কাজটি করেন।

সাউথ পয়েন্ট শিশু নিকেতনের প্রধান শিক্ষক শামসুর রহমান বলেন, ‘নওশিনের ঘটনার পর থেকে অভিভাবকদের পরামর্শ দিয়েছি, স্বর্ণালংকার পরিয়ে শিশুদের যেন স্কুলে পাঠানো না হয়।’ তারাগঞ্জ থানার ওসি তাপস সরকার বলেন, এমন কোনো অভিযোগ থানায় কেউ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে বিদ্যালয় ছুটির পর ফেরার পথে ১ ও ৫ সেপ্টেম্বর বদরগঞ্জ উপজেলার লালদিঘী এলাকায় সাবিনা খাতুন (৮) ও কচুয়া গ্রামের সুমি আখতার (৯) নামে দুই শিশুর োনার দুল কান থেকে কৌশলে খুলে নিয়েছে প্রতারকেরা। এ বিষয়ে বদরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবদুল লতিফ মিয়া বলেন, ‘একটি প্রতারক চক্র এ কাজ করছে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে।’