সোনার দোকানে ডাকাতির ঘটনায় আটক ৮
রাজশাহীতে সোনার দোকানে ডাকাতির ঘটনায় আজ শনিবার আটজনকে আটকের কথা জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, তাঁদের রাজবাড়ী জেলা থেকে আটক করা হয়েছে। তবে পুলিশ কারও পরিচয় নিশ্চিত করেনি।
গত বৃহস্পতিবার রাত আটটার দিকে রাজশাহী নগরের গণকপাড়ায় বোমা বিস্ফোরণ ঘটিয়ে একটি জুয়েলার্সে ডাকাতি করেন। তাঁরা দোকান মালিক মনিশ রায়কেও ছুরিকাঘাত করেন। বোমার আঘাতে আরও পাঁচজন ব্যবসায়ী ও পথচারী আহত হন। ঘটনার ২৭ ঘণ্টা পর গতকাল শুক্রবার রাতে দোকান মালিক মনিশ রায় অজ্ঞাতনামা ১০-১৫ জনকে আসামি করে বোয়ালিয়া থানায় মামলা করেন। মামলায় এক শ ২০ ভরি স্বর্ণালংকার ও এক লাখ ১০ হাজার নগদ টাকা লুটের অভিযোগ করা হয়েছে।
জানতে চাইলে বোয়ালিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান মামলার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, রাজবাড়ী জেলা থেকে আটক আটজনকে রাজশাহীতে আনা হয়েছে। তাঁদের বাড়ি রাজশাহীতে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে কারও পরিচয় জানানো হচ্ছে না।
এদিকে স্বর্ণালংকার লুট, মালিক ও কর্মচারীদের ওপরে মর্মান্তিক হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে আজ বিকেল পাঁচটার দিকে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করা হয়। বক্তারা বলেন, এ ডাকাতির ঘটনা রাজশাহীর জন্য একটি অশনিসংকেত। এ জন্য প্রশাসনকে সজাগ হতে হবে। মোড়ে মোড়ে পুলিশের টহল জোরদার করতে হবে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।