সোনার বার ছিনতাইয়ের ঘটনায় বনানী থানার এসআই প্রত্যাহার
পুরান ঢাকার আলু বাজারে এক ব্যবসায়ীর কাছ থেকে সোনার বার ছিনতাইয়ের ঘটনায় আটক বনানী থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তথ্য ও গণমাধ্যম শাখার উপকমিশনার মো. মারুফ হোসেন সরদার আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।
এ ছাড়া আশরাফুল ও তাঁর সঙ্গে আটক বিমানবাহিনীর চাকরিচ্যুত সদস্য আবদুর রাজ্জাকের বিরুদ্ধে বংশাল থানায় ফৌজদারি মামলা করা হয়েছে। বংশাল থানার এসআই হেলাল উদ্দিন আজ মামলাটি করেন।
ডিএমপির তথ্য ও গণমাধ্যম শাখার উপকমিশনার বলেন, ওই ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার বেলালুর রহমান, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের উপপরিচালক মফিজউদ্দিন আহমেদ ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মাশরুকুর রহমান।
গতকাল সোমবার রাত নয়টার দিকে আলু বাজার মোড়ে পুলিশ পরিচয় দিয়ে এক ব্যবসায়ীর গতিরোধ করেন আশরাফুল ও আবদুর রাজ্জাক। তাঁরা ওই ব্যবসায়ীর কাছে থাকা সোনার পাঁচটি বার ছিনিয়ে নেন। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে দুজনকে ধরে পিটুনি দিতে থাকেন। বংশাল থানার টহল পুলিশের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে যান। তাঁদের কাছ থেকে সোনার বারগুলোও উদ্ধার করা হয়।