সোনারগাঁ ও মানিকগঞ্জে ৩ লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের দুটি স্থান থেকে গতকাল রোববার এক ঘণ্টার ব্যবধানে দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। একই দিন মানিকগঞ্জের ঘিওর উপজেলার পাচুরিয়া গ্রাম থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করা হয়।
ঘিওর থানার পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল দুপুরে পাচুরিয়া গ্রামে একটি বাড়ির পাশে ওই নারীর (৫০) লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। থানার ওসি মিজানুর রহমান বলেন, এ বিষয়ে অপমৃত্যুর মামলা করা হয়েছে।
সোনারগাঁ থানার পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, সকাল আটটায় পিরোজপুর ইউনিয়নের নিউ টাউন আবাসিক এলাকার একটি ভবনের দোতলার কক্ষ থেকে বাড়ির পরিচ্ছন্নতাকর্মী তুহিন মিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। সকাল নয়টায় বৈদ্যেরবাজার ইউনিয়নের পঞ্চবটি এলাকার একটি খেত থেকে যুবকের (৩৫) মাথাবিহীন লাশ উদ্ধার করা হয়। তুহিন মিয়াকেও হত্যা করে লাশ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে বলে দাবি করেছে তাঁর পরিবার। এসব ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।