সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মরিচটেক এলাকায় গতকাল রোববার অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত। এর ফলে তিন ইউনিয়নের ২৫টি গ্রামের প্রায় চার হাজার সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
অভিযানের সময় উপস্থিত ছিলেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির সোনারগাঁ আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক সাইদুর রহমান। তিনি বলেন, সোনারগাঁ উপজেলার মরিচটেক এলাকায় তিতাসের প্রধান লাইন (পাইপ) থেকে অবৈধভাবে সংযোগ নিয়ে স্থানীয় নোয়াগাঁও, জামপুর ও সাদিপুর ইউনিয়নের ২৫টি গ্রামের মানুষ গ্যাস ব্যবহার করছিল। মরিচটেক এলাকায় অবৈধ সংযোগটি বিচ্ছিন্ন করে দেওয়ায় প্রায় চার হাজার সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম জাকারিয়া। তিনি বলেন, বর্তমানে উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন গ্রামে অবৈধভাবে সংযোগ নিয়ে গ্যাস ব্যবহার করা হচ্ছে। অবৈধ সংযোগ বন্ধ করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।