নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মেঘনা নদীতে বিভিন্ন নৌযান থামিয়ে চাঁদাবাজি করার সময় আওয়ামী লীগের ১২ কর্মীকে টাকাসহ হাতেনাতে আটক করা হয়েছে। কোস্টগার্ড সদস্যরা গতকাল বুধবার অভিযান চালিয়ে তাঁদের আটক করেন।
আটক ব্যক্তিরা হলেন: বাদল মিয়া, রমজান আলী, আমজাদ হোসেন, মামুন ইসলাম, দ্বীন ইসলাম, শের আলী, মঞ্জুরুল ইসলাম, শাহাদাত হোসেন, জুম্মান সিকদার, মোহাম্মদ মিলন, রবিন মিয়া ও পারভেজ মিয়া। এ সময় তাঁদের কাছ থেকে ৭০ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।
মেঘনার বিভিন্ন নৌযানের মালিক ও শ্রমিকেরা অভিযোগ করেন, ছয় মাস ধরে মেঘনা নদীর বৈদ্যেরবাজার থেকে চর কিশোরগঞ্জ পর্যন্ত ১৫ কিলোমিটার এলাকায় চলাচলরত মালবাহী জাহাজ, বালুবাহী কার্গো, লঞ্চ ও ট্রলার থামিয়ে চাঁদা আদায় করা হতো। অব্যাহত চাঁদাবাজির কারণে ইতিমধ্যে গত তিন মাসে দুই দফা নৌযান মালিকেরা ধর্মঘটও পালন করেন।
কোস্টগার্ডের ফতুল্লার পাগলা স্টেশনের কমান্ডার এম এ কাদের জানান, নারায়ণগঞ্জ ও চাঁদপুরের কোস্টগার্ডের দল যৌথভাবে থানা-পুলিশের সহযোগিতায় শম্ভুপুরা এলাকার মেঘনা নদীতে অভিযান চালায়। এ সময় বিভিন্ন নৌযান থেকে চাঁদা আদায়কালে নগদ টাকা ও তাঁদের ব্যবহৃত দুটি ট্রলারও আটক করা হয়।
শম্ভুপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক জানান, আটক করা ব্যক্তিরা আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের কর্মী। চাঁদাবাজির সঙ্গে তাঁরা জড়িত থাকলে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিজাউল হক জানান, এ ঘটনায় কোস্টগার্ডের কর্মকর্তা নুরুজ্জামান বাদী হয়ে একটি চাঁদাবাজির মামলা করেছেন।