সোনারগাঁয়ে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় একজনকে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যের বিরুদ্ধে থানায় হত্যাচেষ্টার অভিযোগ করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মোশারফ হোসেন এবং ওয়ার্ডে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী সিরাজুল ইসলামের মধ্যে বৃহস্পতিবার রাতে কথা-কাটাকাটি হয়। এরপর মোশারফ হোসেনের নেতৃত্বে ৮-১০ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে স্থানীয় ভবনাথপুর এলাকায় সিরাজুলের ওপর অতর্কিতে হামলা চালান। একপর্যায়ে স্থানীয় লোকজন গুরুতর আহত সিরাজুলকে উদ্ধার করে প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে জানতে চাইলে মোশারফ হোসেন দাবি করেন, ঘটনার সঙ্গে তিনি জড়িত নন। সোনারগাঁ থানার ওসি মঞ্জুর কাদের জানান, হামলার ঘটনায় লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। মামলা নথিভুক্ত করার প্রস্তুতি চলছে।