সোনারগাঁয়ে চেয়ারম্যানকে লাঞ্ছনার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহকে লাঞ্ছনার অভিযোগে পৌরসভা ছাত্রলীগের সভাপতিসহ আটজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। গতকাল বুধবার জাহিদ হাসান বাদী হয়ে মামলাটি করেন।
এজাহারে জাহিদ হাসান উল্লেখ করেন, ‘পৌরসভা ছাত্রলীগের সভাপতি মাহবুবুর রহমান ওরফে রবিন ও তাঁর অনুসারী সজীব মিয়া, রক্সি মিয়া, সজিব ওরফে কাইল্লা সজিব, অপু মিয়া, মামুন মিয়া, আলামিন মিয়া ও রাজিবসহ একদল সন্ত্রাসী বিভিন্ন সময় আমাকে বলে, এলাকায় শান্তিতে থাকতে তাদের প্রতি মাসে পাঁচ লাখ টাকা চাঁদা দিতে হবে। চাঁদা দিতে অস্বীকার করায় তারা আমাকে ভয়ভীতি দেখায়। নানাভাবে ক্ষতি করার সুযোগ খুঁজতে থাকে তারা। গত ৩০ জানুয়ারি উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা শেষে বাড়ি ফেরার সময় পূর্বপরিকল্পিতভাবে ওই আটজনসহ ১০-১২ জন পিস্তল, রড, দেশীয় অস্ত্র নিয়ে আবার পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দেওয়ায় হামলা চালিয়ে আমার ব্যক্তিগত গাড়ি ভাঙচুর ও ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। পরে আশপাশের লোকজন ছুটে এলে প্রাণনাশের হুমকি দিয়ে তারা চলে যায়।’
চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগের নেতা মাহবুবুর রহমান বলেন, আমার অনুসারীদের সঙ্গে জাহিদ হাসানের সামান্য কথা-কাটাকাটি হয়েছিল।
সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ওবায়েদুল হক বলেন, আটজনের নাম উল্লেখ করে ১০-১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করা হয়েছে।