সোনারগাঁয়ে টাকা আত্মসাতের অভিযোগে দুই সহোদর আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাল্টিপারপাস কোম্পানির মাধ্যমে এক গ্রাহকের ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার দুই সহোদরকে আটক করেছে পুলিশ।
আটক দুজন হলেন উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকার ভাগলপুর গ্রামের মাসুদ রানা ও আল মামুন। তাঁদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় অর্থ আত্মসাতের লিখিত অভিযোগ করেছেন শাহজাহান মিয়া নামের এক গ্রাহক। তাঁর বাড়ি একই এলাকায়।
লিখিত অভিযোগ ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, পাঁচ বছর আগে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় তিন ভাই মাসুদ রানা, আল মামুন ও ইকবাল হোসেনসহ পরিবারের সাতজন মিলে স্বদেশ কল্যাণ বহুমুখী সমবায় সমিতি নামে একটি মাল্টিপারপাস কোম্পানি গড়ে তোলেন। উচ্চ সুদের লোভ দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে টাকা জমা রাখে প্রতিষ্ঠানটি। চার মাস আগে গ্রাহকদের প্রায় দুই কোটি টাকা নিয়ে আত্মগোপনে চলে যান তিন ভাই। মাস খানেক আগে মাসুদ রানা ও আল মামুন এলাকায় ফিরে আসেন। গ্রাহকেরা তাঁদের কাছে টাকা চাইতে গেলে টালবাহানা করেন। গতকাল সকালে সমিতির গ্রাহক শাহজাহান মিয়া তাঁদের বিরুদ্ধে ৩০ লাখ টাকা আত্মসাৎ করেছেন বলে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ করেন। বিকেলে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ভাগলপুর গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে মাসুদ রানা ও আল মামুনকে আটক করে পুলিশ।
শাহজাহান মিয়া প্রথম আলোকে বলেন, ‘তাঁরা আমার পরিবারের ৩০ লাখ টাকা আত্মসাৎ করেছেন। টাকা চাইতে গেলে মারধরের হুমকি দেন। এ প্রতিষ্ঠানের নামে তাঁরা গ্রাহকদের প্রায় দুই কোটি টাকা আত্মসাৎ করেছেন।’
সমিতির আরেক গ্রাহক পুরাতন টিপুরদী এলাকার ইউসুফ মিয়া বলেন, ‘আমি ও আমার পরিবারের সদস্যরা এই প্রতিষ্ঠানে সাড়ে ১১ লাখ টাকা জমা রেখেছি। কিছুদিন সুদ দিয়েছে। টাকা ফেরত চাইলে টালবাহানা শুরু করে। তাঁদের ভাই ইকবাল টাকা না দিয়ে গোপনে বিদেশ চলে গেছেন।’
এ ব্যাপারে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) এস এম ওবায়দুল হক বলেন, ওই সমিতির এক গ্রাহকের ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।