সোনারগাঁয়ে তরুণ খুন, তিন বন্ধু আটক
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় এক তরুণকে শ্বাসরোধে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার দুপুরে তাঁর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।
নিহত তরুণের নাম সরোয়ার হোসেন শুভ (২০)। তিনি গ্রামের বাড়ি রাজবাড়ী থেকে ঢাকার যাত্রাবাড়ী নুর কমিউনিটি সেন্টারে তাঁর বাবার কর্মস্থলে বেড়াতে আসেন। চলতি বছর রাজবাড়ীর কালুখালী উপজেলার কালুখালী মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি। বাবার সঙ্গে থেকে তিনি ঢাকার একটি কলেজে ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, কাঁচপুর উত্তরপাড়া এলাকায় মমিন মিয়া তাঁর বাড়িতে ভাড়ায় মেস চালান। গতকাল সকালে তাঁর ছেলে রাতুল মিয়া মেসের ভাড়া তুলতে যান। এ সময় তিনি ঘরের দরজা খুলতেই দেখতে পান, ঘরের ভেতরে তিন ভাড়াটে মিলে একটি লাশ বস্তাবন্দী করছেন। তিনি তাৎক্ষণিক ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে খাটের নিচ থেকে দুই পা বিচ্ছিন্ন অবস্থায় লাশ উদ্ধার করে। আটক করে মামুন মিয়া (১৯), ইউনুস হোসেন (২১) ও ইব্রাহিম মল্লিক (২০) নামের তিনজনকে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, লাশের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে হত্যার পর দুই পা কুপিয়ে বিচ্ছিন্ন করা হয়। গুম করার উদ্দেশ্যে লাশটি বস্তাবন্দী করা হচ্ছিল। আটক তিনজন নিহত যুবকের বন্ধু।
সরোয়ারের পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, তিনি রোববার সন্ধ্যায় বাবার সঙ্গে ইফতার শেষে কাঁচপুর উত্তরপাড়া এলাকায় তাঁর বন্ধুদের ভাড়া বাসায় বেড়াতে যান। তাঁর বন্ধুরা কাঁচপুর বিসিক এলাকার একটি তৈরি পোশাক কারখানায় কাজ করেন। তাঁরা সবাই একই গ্রামের।
ওসি গতকাল সন্ধ্যায় বলেন, পূর্বশত্রুতার জেরে সরোয়ারকে হত্যা করা হয়ে থাকতে পারে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।