সোনারগাঁয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঠালিয়া এলাকায় গতকাল রোববার দুপুরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুর কাঠালিয়াপাড়া গ্রামের আমির হোসেনের সঙ্গে প্রতিবেশী হাবিবুর রহমানের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। গতকাল দুপুরে প্রথমে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে এর জের ধরে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে এক পক্ষ অপর পক্ষের ওপর হামলা চালায়। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আমির হোসেনের পক্ষের, আমির হোসেন, আক্তার হোসেন, মনির হোসেন, আছমা আক্তার এবং হাবিবুর রহমানের পক্ষের হাবিবুর রহমান, মর্জিনা বেগম, রাসেল মিয়া, আকিবুর রহমানসহ উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
আহত ব্যক্তিদের মধ্যে আমির হোসেন, আক্তার হোসেন, মর্জিনা আক্তার ও আকিবুর রহমানের অবস্থা আশঙ্কাজনক। আহত ব্যক্তিদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত আমির হোসেন বলেন, ‘জমি বিরোধের জের ধরেই হাবিবুর রহমান ও তাঁর লোকজন আমাদের ওপর হামলা চালিয়ে আহত করেছে।’ অপরদিকে হাবিবুর রহমান বলেন, ‘আমির হোসেনের লোকজন আমাদের ওপর হামলা চালিয়ে পিটিয়ে ও কুপিয়ে আহত করে।’
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম জানান, সংঘর্ষের ঘটনায় থানায় উভয় পক্ষের লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।