সোনারগাঁয়ে দুই বাড়িতে ডাকাতি, জখম ৩
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পাশাপাশি দুটি গ্রামের দুই বাড়িতে গত বুধবার রাতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতেরা তিনজনকে কুপিয়ে জখম করে।
এদিকে জেলার সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে পলিথিন তৈরির একটি কারখানায় ডাকাতির খবর পাওয়া গেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ইউনিয়নের উলুকান্দি গ্রামে আবদুস সাত্তার সরকারের বাড়িতে বুধবার দিবাগত রাত দুইটার দিকে ডাকাতি হয়। ডাকাতেরা বাড়ির প্রধান ফটকের তালা ভেঙে ঘরে ঢুকে দুই শিশু ও এক নারীকে অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের অন্যদের হাত পা বেঁধে ফেলে। পরে তারা আলমারি ভেঙে ৭০ হাজার টাকা, ছয় ভরি স্বর্ণালংকারসহ প্রায় চার লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
রাত তিনটার দিকে পাশের হামছাদী গ্রামের জালাল সরকারের বাড়িতে ডাকাতি হয়। ডাকাতেরা দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ে। বাধা দেওয়ায় তারা গৃহকর্তা ও তাঁর ছেলে হিমেল সরকারকে রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে তিন লাখ টাকা লুট করে। ডাকাতেরা চলে গেলে আহত ব্যক্তিদের প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, ডাকাতির ঘটনায় পৃথক লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের পাইনাদি এলাকায় প্রেসিভিক লিমিটেড নামের একটি পলিথিন তৈরির কারখানায় ডাকাতি হয়েছে। প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফখরুল ইসলাম বলেন, গতকাল বৃহস্পতিবার ভোরে স্থানীয় এক শুভাকাঙ্ক্ষী তাঁর মুঠোফোনে ফোন করে ডাকাতির খবর দেন। তিনি ছুটে এসে দেখেন, কারখানার নিরাপত্তা প্রহরী হাত-পা বাঁধা অবস্থায় পড়ে আছেন। ডাকাতেরা দুটি ল্যাপটপ কম্পিউটার, একটি ডেস্কটপ কম্পিউটার ও পলিথিন তৈরির ৭০০ বস্তা কাঁচামাল নিয়ে গেছে।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ‘অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।’