সোনারগাঁয়ে দুই ব্যবসায়ীকে হত্যা
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় দুজন ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। মোগরাপাড়া চৌরাস্তা ও ছনপাড়া এলাকায় গতকাল বুধবার এসব হত্যাকাণ্ড ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাবিলগঞ্জ গ্রামের গরু ব্যবসায়ী চান মিয়া (৫৪) ও একই ইউনিয়নের দমদমা গ্রামের আরমান হোসেন (৩৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল বিকেল সাড়ে পাঁচটায় উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকার আফিয়া সিএনজি পেট্রলপাম্পের পাশে প্রকাশ্যে আরমানকে এলোপাতাড়ি কোপায় একদল সন্ত্রাসী। এরপর তাঁর গলা এবং হাত-পায়ের রগ কেটে পালিয়ে যায় তারা।
নিহত আরমানের মামা মাহাবুব হোসেন বলেন, মোগরাপাড়া বাজারে চা-পান করার সময় এক যুবক তাঁর ভাগনেকে ডেকে নিয়ে যায়। এরপর মোটরসাইকেলে করে পেট্রলপাম্পে নেওয়ার পর তাঁকে কুপিয়ে হত্যা করা হয়। আরমান ঠিকাদারি ব্যবসা করতেন বলে জানান তিনি।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের বলেন, নিহত আরমানের বিরুদ্ধে হত্যাসহ কয়েকটি মামলা আছে।
এদিকে গতকাল সকালে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের ছনপাড়া গ্রামের পাশের একটি বালুর মাঠ থেকে গরু ব্যবসায়ী চান মিয়ার লাশ উদ্ধার করা হয়। নিহত চান মিয়ার মেয়ে হাসিনা আক্তারের অভিযোগ, প্রতিপক্ষরা তাঁর বাবাকে হত্যা করেছে। তিনি আরও বলেন, প্রতিপক্ষরা তাঁর বাবাকে গত মঙ্গলবার রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর তাঁকে শ্বাসরোধে হত্যা করে।
গতকাল সকালে এলাকাবাসী খবর দিলে তাঁরা লাশটি শনাক্ত করেন।