সোনারগাঁয়ে দুজনকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভাটিপাড়া এলাকায় গত রোববার রাতে প্রতিপক্ষের লোকজন ব্যবসায়ীসহ দুজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছেন। পাশাপাশি ব্যবসায়ীর মুদি দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ব্যবসায়ীর বাবা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভাটিপাড়া গ্রামের জুয়েল মিয়ার সঙ্গে ভিন্নিপাড়া গ্রামের ইব্রাহিম মিয়ার পাওনা টাকা নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। রোববার সকালে পাওনা টাকা চাইতে গেলে জুয়েলের সঙ্গে ইব্রাহিমের বাগ্বিতণ্ডা হয়। এর জের ধরে ওই দিন রাতে ইব্রাহিমের নেতৃত্বে ১০-১২ জন রামদা, ছেনা, রড, হকিস্টিক ও লাঠিসোঁটা নিয়ে জুয়েলের ওপর হামলা চালান। এ সময় জুয়েলকে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়। এরপর তাঁর মুদি দোকান ভাঙচুর করে লুটপাট চালানো হয়। জুয়েলের চিৎকারে তাঁর ভাই জহিরুল ইসলাম এগিয়ে এলে তাঁকেও পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়। আহত দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জুয়েলের বাবা দ্বীন ইসলাম বলেন, ‘পূর্বপরিকল্পিতভাবে আমার ছেলে জুয়েল ও জহিরুলকে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়েছে। এরপর ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।’ ইব্রাহিম মিয়া বলেন, ঘটনাটি ঘটেছে সত্য। এর সঙ্গে তাঁর লোকজন জড়িত। তিনি জড়িত নন বলে দাবি করেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের বলেন, ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।