সোনারগাঁয়ে ধর্ষণে ব্যর্থ হয়ে কিশোরীকে খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ধর্ষণে ব্যর্থ হয়ে মেঘলা আক্তার (১৫) নামের এক কিশোরীকে দুর্বৃত্তরা ছুরিকাঘাতে খুন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সে কাঁচপুরের যাত্রামুড়া এলাকার একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক।
সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) এলাহী মিয়া বলেন, সকালে কাঁচপুরের সোনাপুর গ্রামের ভাড়াবাড়ি থেকে কারখানায় যাচ্ছিল মেঘলা আক্তার। পথে চার-পাঁচজন যুবক তার গতিরোধ করেন। তার মুখে ওড়না পেঁচিয়ে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারের ওপরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় মেঘলা আক্তার যুবকদের চিনতে পেরে চিৎকার দেয়। মানুষ জড়ো হতে দেখে যুবকেরা মেঘলার গলায় ছুরিকাঘাত করে তাকে ফেলে পালিয়ে যান। এলাকাবাসী তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই এলাহী মিয়া বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে তার লাশ গ্রামের বাড়ি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার পারুলিয়া গ্রামে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। এসআই বলেন, পুলিশ কাঁচপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত অভিযোগে আমিনুল ইসলাম, তুহিন মিয়া ও শরীফুল ইসলাম নামে তিনজনকে আটক করেছে।
মেঘলা আক্তারের বাবা বাচ্চু মিয়া বলেন, ‘আমার মেয়ে কাজে আসা-যাওয়ার পথে কয়েকজন বখাটে যুবক দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করত। তারাই আমার মেয়েকে হত্যা করেছে।’