নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের স্টলগুলো দুই বছর ধরে ফাঁকা পড়ে আছে। কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা কারুপল্লির স্টলগুলো ফাঁকা পড়ে থাকায় ব্যর্থ হচ্ছে ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্য। প্রকৃত কারুশিল্পীদের বাদ দিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের নামে স্টল বরাদ্দ দেওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ রয়েছে।
গত সোমবার বিকেলে সরেজমিনে ফাউন্ডেশন এলাকায় গিয়ে দেখা যায় চারদিক নীরব। নিরাপত্তারক্ষী স্টল এলাকায় কাউকে ঢুকতে দিচ্ছেন না। সাংবাদিক পরিচয় দিয়ে সেখানে ঢুকে দেখা যায়, সব স্টল তালাবদ্ধ।
ফাউন্ডেশন সূত্রে জানা যায়, ১৯৮৯ সাল থেকে ফাউন্ডেশনের ভেতরে ছনের তৈরি ‘কারুপল্লি’তে ৩৫ জন চারু ও কারুশিল্পী নিজেদের তৈরি পণ্য বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। সোনারগাঁয়ে বেড়াতে আসা পর্যটকেরা গ্রাম-বাংলার হারিয়ে যেতে বসা এসব কারুপণ্যের ক্রেতা ছিলেন।
২০১০ সালে ফাউন্ডেশন ছনের স্টলগুলোর জায়গায় প্রায় এক কোটি টাকা ব্যয়ে পাকা ভবন নির্মাণ করে। ২০১২ সালে নতুন ভবনে কারুশিল্পীদের স্থানান্তর করে স্টল বরাদ্দ দেওয়া হয়। কিন্তু ২০১৩ সালে স্টল বরাদ্দ পাওয়া পুরোনো ৩৫ শিল্পীর মধ্য থেকে ২১ জনকে বাদ দিয়ে স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-সমর্থকদের নামে বরাদ্দ দেওয়া হয়। আওয়ামী লীগের তৎকালীন স্থানীয় সাংসদ আবদুল্লাহ আল কায়সার এবং ফাউন্ডেশন পরিচালক রবীন্দ্র গোপের যৌথ স্বাক্ষরে এই বরাদ্দ দেওয়া হয়। স্টল পাওয়া নেতা-সমর্থকদের মধ্যে আছেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সামসুল ইসলাম ভূঁইয়ার ছেলে মারুফুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি গাজী মজিবুর রহমানের স্ত্রী নাসরিন রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, ছাত্রলীগের নেতা আরিফুল ইসলাম, সাংসদের চাচা মোস্তফা কামাল ওরফে নিলুর ছেলে নাহিদ কামাল, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী হায়দার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।
নাম প্রকাশে অনিচ্ছুক ফাউন্ডেশনের একাধিক কর্মকর্তা বলেন, লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে চারু ও কারুশিল্পীদের পুনর্বাসন। সেই সঙ্গে গ্রাম-বাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যকে ধরে রাখা। কিন্তু নতুন ভবনে স্টল বরাদ্দ পাওয়া অধিকাংশ ব্যক্তিই কোনোভাবে কারুশিল্পের সঙ্গে জড়িত নন।
বঞ্চিত কারুশিল্পীদের পক্ষে ২০১৩ সালের ২২ জানুয়ারি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করে কারুশিল্পী সমিতি। সেই সঙ্গে ওই বছরের ২৮ জানুয়ারি উচ্চ আদালতে রিট পিটিশন করা হয়। পরে আদালত স্টলগুলো বরাদ্দের ওপর স্থগিতাদেশ দেন। একই সঙ্গে নতুন বরাদ্দের আদেশ কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে ফাউন্ডেশনের পরিচালকসহ তিনজনের প্রতি রুল জারি এবং প্রকৃত কারুশিল্পীদের আগের অবস্থায় বহাল রাখার নির্দেশ দেন। সর্বশেষ চলতি বছরের ২৮ আগস্ট আদালত কারুশিল্পীদের আগের অবস্থা বহাল রাখার নির্দেশ দেন বলে জানান রিটকারীদের পক্ষের আইনজীবী এম এ মজিদ।
সাবেক সাংসদ আবদুল্লাহ আল কায়সার গত সোমবার বলেন, ‘দলীয় কর্মীদের আগ্রহের কারণে আমি তাঁদের নামে দোকান বরাদ্দ দেওয়ার সুপারিশ করি।’
নতুন ভবনে স্টল বরাদ্দ পাওয়া নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী হায়দার বলেন, ‘এ পেশার সঙ্গে জড়িত হতে আগ্রহ থাকায় আমাদের নামে বরাদ্দ দেওয়া হয়েছিল।’
কারুশিল্পীদের নেতা কবির হোসেন বলেন, ‘২১ জন কারুশিল্পীকে বাদ দিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মী ও তাঁদের স্ত্রী-পুত্রদের নামে স্টল বরাদ্দ দেওয়ায় আমরা আদালতে যেতে বাধ্য হই।’
পরিচালক রবীন্দ্র গোপ বলেন, ‘আদালতের চূড়ান্ত রায় পেলে আমরা প্রকৃত কারুশিল্পীদের নামে নতুন করে বরাদ্দ দেওয়ার চেষ্টা করব।’