সোনারগাঁয়ে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ইমানেরকান্দি এলাকায় ব্রহ্মপুত্র নদের পারের কৃষকদের ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে কৃষকেরা মাটি কেটে নেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন।
কৃষকেরা জানান, ইমানেরকান্দি গ্রামের পাশের বিলে ব্রহ্মপুত্র নদের পারের কৃষকদের জমির মাটি ড্রেজার (খননযন্ত্র) দিয়ে কেটে অন্যত্র বিক্রি করে দিচ্ছে এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেনসহ কয়েকজনের একটি চক্র।
ইমানেরকান্দি গ্রামের কৃষক হালিম মিয়া বলেন, ‘দেলোয়ার হোসেনসহ একদল ভূমিদস্যু তাঁদের ফসলি জমি থেকে মাটি কেটে নিচ্ছে। এতে জমি নদের গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এসব জমিতে এখন আর চাষাবাদ করা সম্ভব হচ্ছে না। ভূমিদস্যুদের বাধা দেওয়ায় তারা আমাকে পিটিয়ে আহত করেছে।’
জানতে চাইলে দেলোয়ার হোসেন বলেন, ‘আমরা ব্রহ্মপুত্র নদ থেকে মাটি উত্তোলন করি, এ কথা সত্য। তবে কৃষকদের ফসলি জমির মাটি কাটার সঙ্গে আমরা জড়িত নই।’
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত হায়াত বলেন, ‘ওই এলাকার প্রভাবশালী ব্যক্তিরা নদের তীরের কৃষকদের ফসলি জমির মাটি কেটে অন্যত্র বিক্রি করছেন বলে অভিযোগ পেয়েছি। অবৈধভাবে ফসলি জমির মাটি যাতে কেউ কেটে নিতে না পারে, সে জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।’