সোনারগাঁয়ে বখাটেদের হামলায় আহত নারী শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বখাটেদের হামলায় আহত নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বেহাকৈর গ্রামের নারী শ্রমিক খাদিজা আক্তার (২৫) গতকাল শুক্রবার মারা গেছেন। এ ঘটনায় বখাটে যুবকদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ করেছেন বিভিন্ন কারখানার শ্রমিকেরা ও স্থানীয় লোকজন।
খাদিজার পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বেহাকৈর গ্রামের সুরুজ্জামান মিয়ার স্ত্রী খাদিজা আক্তারকে স্থানীয় একটি তৈরি পোশাক কারখানায় কাজে যাওয়া-আসার পথে একই গ্রামের বখাটে যুবক শাহেদ হোসেন, আলমগীর মিয়া, জসিম উদ্দিন ও রাজিব মিয়া উত্ত্যক্ত করতেন। স্ত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ৩ নভেম্বর আলমগীর ও শাহেদের নেতৃত্বে তাঁদের সহযোগীরা সুরুজ্জামানের বাড়িতে গিয়ে তাঁকে কুপিয়ে জখম করেন। এ সময় তাঁরা সুরুজ্জামানকে গাছের সঙ্গে বেঁধে খাদিজাকেও পিটিয়ে আহত করেন। পরে স্থানীয় লোকজন স্বামী-স্ত্রীকে প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খাদিজার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় গত বৃহস্পতিবার তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে তিনি মারা যান। সন্ধ্যায় খাদিজার লাশ নিয়ে তাঁর স্বজনেরা সোনারগাঁ থানায় যান।
সুরুজ্জামান বলেন, ‘বখাটে যুবকেরা দীর্ঘদিন ধরে আমার স্ত্রীকে প্রেমের প্রস্তাব দিত। তারা প্রতিদিন কারখানায় যাওয়া-আসার পথে তাঁকে উত্ত্যক্ত করত। আমি এ ঘটনার প্রতিবাদ করায় বখাটেরা আমাকে কুপিয়ে ও আমার স্ত্রীকে পিটিয়ে মারাত্মক আহত করে। আমি বেঁচে থাকলেও স্ত্রীকে বাঁচাতে পারলাম না।’
এদিকে খাদিজার মৃত্যুর খবর কাঁচপুর শিল্পাঞ্চলে ছড়িয়ে পড়ার পর কাঁচপুরের যাত্রামুড়া এলাকায় গতকাল সন্ধ্যায় বখাটেদের গ্রেপ্তার ও ফাঁসি দাবি করে বিক্ষোভ মিছিল করেন বিভিন্ন কারখানার শ্রমিক ও স্থানীয় লোকজন।
এ ব্যাপারে জানতে চাইলে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) হারুনুর রশিদ গতকাল রাত সাড়ে নয়টার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় গতকাল সুরুজ্জামান ওই যুবকদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। মামলার প্রস্তুতি চলছে।