সোনারগাঁয়ে মা-মেয়েকে কুপিয়ে হত্যা
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে আজ শুক্রবার মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনায় জড়িত অভিযোগে মেয়ের স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন।
নিহতরা হলেন, রাশিদা বেগম (৫৫) ও শারমিন আক্তার (২০)।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) হারুনুর রশিদ সাংবাদিকদের বলেন, শারমিন তাঁর স্বামী কাউসার মিয়ার সঙ্গে কাচঁপুর ইউনিয়নের উত্তর কাঁচপুরে এক বাসায় ভাড়া থাকতেন। আজ দুপুরে শারমিনের মা রাশিদা গ্রামের বাড়ি থেকে মেয়ের বাসায় বেড়াতে আসেন। বিকেলে সাংসারিক বিষয় নিয়ে কাউসারের সঙ্গে শারমিনের ঝগড়া হয়। তখন মেয়ের পক্ষে কথা বলতে থাকেন রাশিদা। সন্ধ্যা ছয়টার দিকে কাউসার ঘরের দরজা জানালা বন্ধ করে প্রথমে স্ত্রী শারমিনকে ও পরে শাশুড়ি রাশিদাকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকেন। এরপর তাঁদের গলা কেটে মৃত্যু নিশ্চিত করেন। পরে দরজা খুলে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী কাউসারকে ধরে পুলিশে সোপর্দ করেন।
পুলিশের হাতে আটক থাকা অবস্থায় সাংবাদিকদের কাছে হত্যার কথা স্বীকার করেন কাউসার মিয়া। তিনি বলেন, তাঁর স্ত্রী শারমিন অন্য সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। তাঁর প্রতিবাদ করায় তাঁর স্ত্রী ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন।
নারায়ণগঞ্জের অতিরিক্তি পুলিশ সুপার (অপরাধ) মোখলেছুর রহমান বলেন, লাশ দুটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার পর কাউসারকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।