নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুরে ফের শুরু হয়েছে মাটিসন্ত্রাস। ১০ গ্রামের কৃষকদের ফসলি জমি কেটে পুকুর বানিয়ে ওই মাটি ইটভাটায় বিক্রি করা হচ্ছে। একটি সিন্ডিকেট (চক্র) ওই মাটি বিক্রি করছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় কয়েকজন কৃষক বলেন, তিন বছর ধরে উপজেলার জামপুর ইউনিয়নের পাকুন্দা, কাহেনা, পেচাইন, কান্দাপাড়া, আমবাগ, রাউতগাঁও, সিংলাব, গজারিয়াপাড়া, পেরাব ও বাগবাড়িয়া গ্রামের প্রায় ৯০০ কৃষকের ফসলি জমির মাটি কেটে স্থানীয় জেআরবি ব্রিকস, এবিএম ব্রিকস, এসবিএম ব্রিকস, এনবিএল ব্রিকস, এসবিএফ ব্রিকস, এফআরআর ব্রিকস, এইচআর ব্রিকসসহ ১০টি ইটভাটায় বিক্রি করছে ওই চক্র। এর প্রতিবাদে গত তিন বছরে কৃষকেরা একাধিকবার মানববন্ধন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছেন। কিন্তু প্রশাসন প্রতিবছর দু-একবার লোক দেখানো অভিযান করলেও মাটিসন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না।
এক মাস ধরে ফের শুরু হয়েছে মাটি কাটার উৎসব। কাহেনা গ্রামের কৃষক আলী আকবর ও পাকুন্দা গ্রামের কৃষক নুরুজ্জামান বলেন, তিন বছরে সন্ত্রাসীরা ১০ গ্রামের কৃষকদের ৩০০ বিঘা জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করেছে। চেঙ্গাইন গ্রামের কৃষক নজিব আলী, আমিন উদ্দিন ও আলমাস মিয়া বলেন, চেঙ্গাইন বিল ও আশপাশের এলাকায় কৃষকদের ৫০০ বিঘা আবাদি জমি ছিল। সন্ত্রাসীরা ইতিমধ্যে ৩০০ বিঘা জমির মাটি কেটে নিয়ে গেছে।
২০১৩ সালে পাস হওয়া ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইনে উল্লেখ করা হয়েছে, কোনো কৃষিজমির মাটি যদি ইট প্রস্তুতের কাজে ব্যবহার করা হয়, তবে ওই ইটভাটার মালিক দুই বছরের কারাদণ্ড বা অনধিক দুই লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।
গত শুক্রবার সরেজমিন দেখা যায়, ৪০-৫০টি ট্রাক চেঙ্গাইন বিল থেকে মাটি নিয়ে বিভিন্ন ইটভাটায় যাচ্ছে। কৃষকদের জমি থেকে এক্সকাভেটরের (মাটি কাটার খননযন্ত্র) সাহায্যে ২০ থেকে ২৫ ফুট গভীর করে মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে। এ সময় কয়েকজন কৃষক অভিযোগ করে বলেন, লাধুরচর গ্রামের নয়ন বাবু, পেরাব গ্রামের বদরুজ্জামান ও পাকুন্দা গ্রামের বদরুজ্জামান ওরফে বদুর নেতৃত্বে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের নিয়ে গঠিত একটি চক্র এ মাটি কাটার সঙ্গে জড়িত।
নয়ন ও বদরুজ্জামান বলেন, কৃষকদের কাছ থেকে মাটি কিনে ইটভাটায় বিক্রিতে দোষের কী?
জামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহ মুহাম্মদ হানিফ বলেন, যেভাবে মাটিসন্ত্রাস চলছে, তাতে কয়েক বছরের মধ্যে এলাকায় কৃষিজমি খুঁজে পাওয়া যাবে না। এ এলাকার কৃষকদের কান্না থামানোর কেউ নেই।
ইউএনও আবু নাছের ভূঁঞা বলেন, ‘মাটিসন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশ দিয়েছি।’ সহকারী (ভূমি) কমিশনার এস এম জাকারিয়া বলেন, ‘কৃষকদের জমির মাটি লুটে নেওয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ব্যস্ত থাকায় আমি অভিযানে যেতে পারিনি। কয়েক দিনের মধ্যে অভিযান চালাব।’