সোনারগাঁয়ে যুবকের পায়ের রগ কর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে গত রোববার রাতে কুপিয়ে ও পায়ের রগ কেটে এক যুবককে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পিরোজপুর পশ্চিমপাড়া জামে মসজিদে ইমাম নিয়োগকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ফিরোজ মোল্লা এবং মসজিদ কমিটির সাধারণ সম্পাদক বিএনপির স্থানীয় নেতা বাচ্চু মিয়ার মধ্যে বিরোধ চলছে। এর জেরে রোববার রাতে এশার নামাজের সময় বাচ্চু মিয়ার ছোট ভাই নেয়ামত উল্লাহর নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল রামদা, লাঠি, রডসহ দেশীয় অস্ত্র নিয়ে মসজিদে ঢুকে পড়ে। এ সময় মুসল্লিরা আতঙ্কে ছোটাছুটি করতে থাকেন। একপর্যায়ে তারা ওই গ্রামের যুবক হান্নান মিয়া, মাজহারুল ইসলাম ও বাবু মিয়াকে টেনেহিঁচড়ে মসজিদের বাইরে নেয়। এরপর তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। একপর্যায়ে হান্নানের দুই পায়ের রগ কেটে দেওয়া হয়। এ সময় এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত ব্যক্তিদের মধ্যে মাজহারুল ও বাবু মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং হান্নান মিয়াকে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে।
মাজহারুল ইসলাম মুঠোফোনে বলেন, ‘ইমাম নিয়োগকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জেরে নেয়ামত উল্লাহ ও তাঁর লোকজন আমাদের ওপর হামলা চালিয়ে হত্যার চেষ্টা করেন।’ নেয়ামত উল্লাহ বলেন, তিনি এ ঘটনার সঙ্গে জড়িত নন।