সোনারগাঁয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শেখকান্দি এলাকায় গতকাল সোমবার দুপুরে স্বেচ্ছাসেবক লীগের এক নেতা গুলিবিদ্ধ হয়েছেন। তাঁর নাম আমির হোসেন। জমি নিয়ে বিরোধের জেরে তাঁর ওপর গুলি ছোড়া হয় বলে অভিযোগ উঠেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আমিরের বাড়ি উপজেলার কলতাপাড়া গ্রামে। তিনি জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি। মোটরসাইকেলে গতকাল দুপুরে ঢাকা-বারদী সড়কের সোনারগাঁয়ের শেখকান্দি এলাকায় পৌঁছালে তাঁকে লক্ষ্য করে দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি চালায়। এলাকাবাসী ধাওয়া দিলে হামলাকারীরা ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। একপর্যায়ে অপর একটি মোটরসাইকেলে করে পালিয়ে যায় তারা। গুরুতর অবস্থায় আমিরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্রে (ক্লিনিক) ভর্তি করানো হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আমিরের বড় ভাই আক্তার হোসেন বলেন, জমি নিয়ে বিরোধের জেরেই তাঁর ভাইকে হত্যার চেষ্টা করা হয়েছে। তাঁর ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হক শিকদার বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে।