১২ কেজি সোনাসহ তাঁতীবাজার ও আমিনবাজার থেকে চারজনকে গ্রেপ্তার করেছে র্যা ব। র্যা ব বলেছে, তাঁরা সোনার আন্তর্জাতিক চোরাচালান চক্রের সদস্য।
গ্রেপ্তার হওয়া চারজন হলেন তাপস মালাকার, তাঁর স্ত্রী মন্টি মালাকার, দুলাল চন্দ্র দাস ও দীনবন্ধু সরকার। গত বৃহস্পতিবার তাঁদের গ্রেপ্তার করা হয় বলে গতকাল শুক্রবার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যা ব। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে তুরাগ ভাঙা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাপস মালাকার, মন্টি মালাকার ও দুলাল চন্দ্রকে একটি মাইক্রোবাস থেকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছে পাওয়া যায় ২৪টি সোনার বার, যার ওজন ৭ কেজি ৯৯১ গ্রাম। তাপসের দেওয়া তথ্য অনুযায়ী অন্তর সিলভার স্টোরের মালিক দীনবন্ধু সরকারকে তাঁতীবাজারে তাঁর অফিসকক্ষ থেকে ৪ কেজি সোনাসহ গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোনার বিষয়ে বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা। দীর্ঘদিন ধরে তাঁরা সিঙ্গাপুর, মালয়েশিয়া ও মধ্যপ্রাচ্য হতে শুল্ক ফাঁকি দিয়ে আকাশপথে সোনার বার ও অলংকার আনছিলেন।