সোমেশ্বরী নদীতে নৌযানে চাঁদাবাজি অতিষ্ঠ ব্যবসায়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সুনামগঞ্জের ধরমপাশার জয়শ্রী ইউনিয়নের সানবাড়ী বাজারসংলগ্ন সোমেশ্বরী নদীতে চলাচলকারী নৌযান থেকে চাঁদা আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। চার মাস ধরে একটি চক্র এভাবে চাঁদা আদায় করছে।
এলাকাবাসী, মালবাহী নৌযানের শ্রমিক ও ব্যবসায়ীদের কয়েকজন অভিযোগ করেন, তাহিরপুর উপজেলার বড়ছড়া, ফাজিলপুর, চারাগাঁও ও বাগলি এলাকা থেকে ইঞ্জিনচালিত নৌকায় (বাল্কহেড) করে কয়লা, বালু ও পাথর দেশের বিভিন্ন স্থানে নেওয়া হয়। এসব নৌযান চলাচল করে ধরমপাশা উপজেলার সোমেশ্বরী নদী দিয়ে। এই নদীতে আসামাত্রই চাঁদাবাজেরা বাল্কহেডের পিছু নিতে শুরু করে। এরপর শ্রমিকদের কাছ থেকে দুই থেকে চার হাজার টাকা করে চাঁদা নেয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শ্রমিকদের মারধর করা হয় বলেও কয়েকজন অভিযোগ করেন। উপজেলার জয়শ্রী ইউনিয়নের বানারসীপুর গ্রামের আয়নাল হক ও তাঁর ছোট ভাই আনোয়ার ওই চাঁদাবাজ চক্রটি নিয়ন্ত্রণ করছেন।
কিশোরগঞ্জের বাজিতপুর নৌপরিবহন শ্রমিক বহুমুখী সমবায় সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, চাঁদাবাজির কারণে ব্যবসায়ীরা অতিষ্ঠ। সোমেশ্বরী ছাড়াও জেলার তাহিরপুরের বোলাই, জামালগঞ্জের বেইলি ও সুরমা নদীর মোহনাসহ পাঁচটি জায়গায় বেপরোয়া চাঁদাবাজি চলছে। এখানে আয়নাল হকের সঙ্গে জামালগঞ্জের শুক্কুর আলীও চাঁদাবাজি নিয়ন্ত্রণ করছেন। এ নিয়ে নৌপরিবহনমন্ত্রী, স্থানীয় সাংসদ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে একাধিকবার জানালেও চাঁদাবাজি বন্ধ হচ্ছে না।
এ বিষয়ে আয়নাল হক বলেন, ‘আমি নৌযানের পথ দেখিয়ে দেওয়া বাবদ নৌকার লোকজনের কাছ থেকে সামান্য কিছু টাকা নিচ্ছি।’ পরে একপর্যায়ে তিনি বলেন, জামালগঞ্জ উপজেলার লালপুর গ্রামের শুক্কুর আলী সুনামগঞ্জ জেলার সব কটি নৌপথে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করেন। শুক্কুরের কথামতো তিনি কিছু লোক নদীতে রেখেছেন। স্থানীয় নেতা, পুলিশসহ অনেককে ওই টাকার ভাগ দিতে হচ্ছে। আয়নাল দাবি করেন, এই চাঁদাবাজির টাকা থেকে স্থানীয় সাংসদের ব্যক্তিগত সহকারী (পিএ) রেজুয়ান আলী খান ওরফে আর্নিক ও গাড়িচালক হুমায়ুন কবীরকে সপ্তাহে ১০-১৫ হাজার টাকা বিকাশের মাধ্যমে পাঠাতে হয়। তাঁরাই থানার পুলিশ ম্যানেজ করছেন।
অভিযোগ অস্বীকার করে জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের লালপুর গ্রামের শুক্কুর আলী বলেন, ‘আয়নালদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।’
সাংসদ মোয়াজ্জেম হোসেনের ব্যক্তিগত সহকারী রেজুয়ান আলী খান ও তাঁর গাড়িচালক হুমায়ুন কবীর চাঁদাবাজির টাকা নেওয়ার কথা অস্বীকার করেন। তাঁরা বলেন, তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।
ধরমপাশার জয়শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসীন আহমেদ বলেন, চাঁদাবাজি বন্ধে সানবাড়ী বাজারে একটি পুলিশ ক্যাম্প স্থাপনের দাবি জানানো হয়েছিল। কিন্তু ফল ভালো হয়নি।
ধরমপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, প্রতিদিনই নদীতে পুলিশ টহল দিচ্ছে। তবে এলাকাটি থানা থেকে দূরে হওয়ায় অনেক সময় সেখানে পুলিশ পৌঁছানোর আগেই চাঁদাবাজির ঘটনা ঘটে যায়। চাঁদাবাজির সঙ্গে পুলিশের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন তিনি।
জেলা পুলিশ সুপার মো. হারুন অর রশিদ বলেন, নৌপথে চাঁদাবাজি বন্ধে পুলিশ সব সময় তৎপর। এসব চাঁদাবাজকে গ্রেপ্তার করে তাঁদের বিরুদ্ধে মামলাও হচ্ছে।