সোয়া কেজি সোনাসহ একজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গতকাল কাস্টমস কর্মকর্তারা ১০টি সোনার বারসহ সিঙ্গাপুর থেকে আসা এক যাত্রীকে গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তার হওয়া যাত্রীর নাম লাভলু মিয়া (৩৫)। বাড়ি টাঙ্গাইল জেলায়।
সূত্র জানায়, টাইগার এয়ারলাইনসের একটি বিমানে করে গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকায় আসেন লাভলু মিয়া। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় সন্দেহ করে তাঁকে তল্লাশি করা হয়। এ সময় একটি বক্সের ভেতর সোনার বারগুলো পাওয়া যায়।
ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার শহীদুজ্জামান সরকার বলেন, লাভলু মিয়া প্রায়ই সিঙ্গাপুরে যান। তাঁর কাছ থেকে উদ্ধার হওয়া প্রতিটি সোনার বারের ওজন ১১৬ গ্রাম। সব মিলিয়ে উদ্ধার হওয়া সোনার ওজন প্রায় ১২০০ গ্রাম। যার বাজারমূল্য ৬০ লাখ টাকা।