সোয়েটার কারখানার শ্রমিকদের জাল টাকা দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের মেঘলায় অবস্থিত সর্ট মেকার্স গ্রুপের ‘লুম্বিনী সোয়েটার কারখানা’র শ্রমিকদের বেতনে জাল টাকার নোট পাওয়া গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। লুম্বিনীর ব্যবস্থাপক মোহাম্মদ মামুন গতকাল শনিবার জাল টাকার জন্য ইসলামী ব্যাংককে দায়ী করে বলেছেন, তাঁরা সেখান থেকে টাকা উত্তোলন করে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করেছেন।
ইসলামী ব্যাংকের বান্দরবান শাখার ব্যবস্থাপক নূরুল হোসেন কাউসার অভিযোগ অস্বীকার করে বলেছেন, ব্যাংকে লেনদেনের তিন দিন পর (১১ সেপ্টেম্বর লুম্বিনী ৫০ লাখ টাকা ইসলামী ব্যাংক থেকে উত্তোলন করে) জাল টাকার অভিযোগ গ্রহণযোগ্য নয়। তা ছাড়া ইসলামী ব্যাংকে জাল নোট থাকা অসম্ভব বলে তিনি মন্তব্য করেন।
শ্রমিকেরা বলেছেন, তাঁরা গত বৃহস্পতি ও শুক্রবার বেতন পেয়েছিলেন। কিন্তু বেতনের টাকা বাজারে নিয়ে দোকানের বকেয়া পরিশোধ ও জিনিসপত্র কেনাকাটার সময় জানতে পারেন, তাঁদের জাল নোট দেওয়া হয়েছে।
শ্রমিক আক্কাস মিয়া বলেছেন, তাঁর চার হাজার ৫১৫ টাকা বেতনের চার হাজার টাকাই জাল।
একইভাবে জান্নাতুল ফেরদৌস বলেছেন, তিনি পাঁচ হাজার ৯৮০ টাকা বেতন পেয়েছেন। কিন্তু বাজারে জিনিসপত্র সওদা করতে গেলে চারটি এক হাজার টাকার নোটই জাল বলেছেন দোকানদারেরা।
সুচন্দা তঞ্চঙ্গ্যা বলেছেন, তাঁর স্বামীর বেতনের সব টাকাই জাল।
লুম্বিনীর ব্যবস্থাপক মোহাম্মদ মামুন ও হিসাবরক্ষণ কর্মকর্তা আল মামুন বলেছেন, লুম্বিনীর বেতন-ভাতা যে প্রক্রিয়ায় পরিশোধ করা হয়, তাতে ব্যাংকের মাধ্যমে না হলে জাল নোট আসা কোনোমতেই সম্ভব নয়। এ জন্য তাঁদের ধারণা, ইসলামী ব্যাংকের কেউ হয়তো ৫০ লাখ টাকা উত্তোলনের সময় কিছু জাল নোট দিয়েছেন। গত জানুয়ারিতেও একবার ইসলামী ব্যাংক লেনদেনে টাকা কম দিয়েছিল বলে তাঁরা অভিযোগ করেন।
শ্রমিকদের যাঁর হাতে জাল নোট পাওয়া গেছে, সেই নোট বদলে দেওয়া হবে বলে লুম্বিনীর ব্যবস্থাপক জানিয়েছেন।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ বলেছেন, শ্রমিকদের বেতনে জাল নোটের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। কারখানার ২৪টি শাখার মধ্যে মাত্র ফিনিশিং সেকশনে জাল নোটের ঘটনাটি কারখানায়, নাকি ব্যাংকে হয়েছে, তা বের করা সম্ভব হবে বলে তিনি জানিয়েছেন।