সৌদি আরবে নারীকে নির্যাতনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় এক নারী মানব পাচারকারী চক্রের মাধ্যমে সৌদি আরবে গিয়ে নির্যাতনের শিকার হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁর স্বামী গত রোববার থানায় একজনের নাম উল্লেখ করে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডির বিবরণে জানা যায়, তিনি আগে রড-সিমেন্ট বিক্রির দোকানে চাকরি করতেন। আট মাস আগে রড তোলার সময় তিনি আঘাত পান ও কর্মহীন হয়ে পড়েন। চাকরি হারিয়ে তিনি নান্দাইল উপজেলায় ফিরে আসেন। তাঁদের দুই ছেলে। সংসারের খরচ মেটাতে তাঁর স্ত্রী বাবার বাড়ি নরসিংদীতে চলে যান। তাঁর স্ত্রী সেখানে বাসাবাড়িতে রান্নার কাজ নেন।
পরে তাঁর স্ত্রীর সঙ্গে ঈশ্বরগঞ্জের লক্ষ্মীগঞ্জ গ্রামের মো. শাহজাহানের পরিচয় হয়। শাহজাহান নরসিংদীতেই থাকেন। শাহজাহান প্রতি মাসে ২০ হাজার টাকা বেতনে তাঁর স্ত্রীকে সৌদি আরবের মক্কা নগরীর এক ধনী পরিবারের শিশু দেখাশোনা করার চাকরি করার প্রস্তাব দেন। প্রস্তাবে তাঁরা রাজি হন। শাহজাহানই পাসপোর্টসহ সব কাগজের ব্যবস্থা করে দেন।
সৌদি আরবে যাওয়ার ২৬ দিন পর তাঁর স্ত্রী তাঁকে ফোন করেন। এ সময় তিনি তাঁর স্বামীকে বলেন, তিন সপ্তাহ ধরে তাঁকে একটি কক্ষে আটকে রাখা হয়েছে। প্রতিদিন পাঁচ-ছয়জন লোক তাঁকে নির্যাতন করছে।
শাহজাহান বলেন, ওই নারী সৌদি আরবে ভালো আছেন। তিনি শিশুদের দেখাশোনার কাজ করছেন।