সৌদিতে বোমা হামলায় নিহতদের চারজন বাংলাদেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়েমেন সীমান্ত-সংলগ্ন সৌদি আরবের আসির প্রদেশে একটি মসজিদে গত বৃহস্পতিবার আত্মঘাতী বোমা হামলার ঘটনায় নিহত ১৩ জনের মধ্যে চারজনই বাংলাদেশের নাগরিক। তাঁরা হলেন লক্ষ্মীপুরের আফাজউদ্দিন, কুমিল্লার মোহাম্মদ জীবন ও বরিশালের মাইনুল মৃধা। বেলাল হোসেন নামে অপর এক নাগরিকের ঠিকানা জানা যায়নি। ওই ঘটনায় আরও চার বাংলাদেশি আহত হন। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আবহা শহরের ওই মসজিদটি একটি আধাসামরিক বাহিনীর।
সৌদি আরবের জেদ্দার বাংলাদেশ কনস্যুলার জেনারেলের দ্বিতীয় সচিব (শ্রম) মোহাম্মদ রেজায়ে রাব্বী গতকাল শনিবার রাতে প্রথম আলোকে বলেন, বোমা হামলার স্থানে ওই সময় অন্তত ৫০ জন মানুষ ছিলেন। হামলায় টাঙ্গাইলের আসাদুজ্জামান, ব্রাহ্মণবাড়িয়ার নুরুল ইসলাম এবং খোকন মিয়া নামে কুমিল্লার এক ব্যক্তি আহত হন। চান মিয়া নামে অপর এক আহত ব্যক্তির ঠিকানা জানা যায়নি। নিহত বাংলাদেশিদের প্রথম তিনজন রিয়াদের আল ইয়াসরা নামে একটি কোম্পানির পরিচ্ছন্নতাকর্মী। তাঁদের লাশ আভা জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। আহত ব্যক্তিদের চিকিৎসা চলছে আসির সেন্ট্রাল হাসপাতালে। তাঁরা শঙ্কামুক্ত।
হামলার শিকার মসজিদটি স্পেশাল ইমার্জেন্সি ফোর্স নামে একটি নিরাপত্তা বাহিনীর স্থানীয় সদর দপ্তরে অবস্থিত। বোমা হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে নয়জনই ওই বাহিনীর সদস্য। হামলার সময় তাঁরা নামাজ আদায় করছিলেন।
সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি ছাত্র নিহত: জেদ্দা থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে লোহিত সাগরের কাছে খালির সালমান নামক স্থানে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি ছাত্র নিহত ও ছয়জন আহত হয়েছে।
দূতাবাস সূত্র জানায়, হতাহত ব্যক্তিদের সবাই সৌদি আরবে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র। নিহত শিক্ষার্থীরা হলো মারজুক, সৈকত, ফয়সাল ও ইকরামুল।
সূত্র জানায়, গত শুক্রবার ওই কলেজের ১৩ জন ছাত্র লোহিত সাগরে গোসল করতে গিয়েছিল। সেখান থেকে ফিরে আসার সময় তাদের বহনকারী গাড়িটি দুর্ঘটনার শিকার হয়ে এ হতাহতের ঘটনা ঘটে।