সৌরবিদ্যুতের বাতি বিতরণে টাকা আদায়ের অভিযোগ
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে সৌরবিদ্যুতের বাতি বিতরণ করা হচ্ছে। কিন্তু ঘাকপাড়া দাখিল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে ওই বাতি বিতরণে টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষ থেকে ১ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর এলাকার সাংসদ ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের সব মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে মেধা অনুযায়ী নবম ও দশম শ্রেণির ১০ জন করে ২০ জন শিক্ষার্থীর মধ্যে একটি করে সৌরবিদ্যুতের বাতি বিতরণ করেন। এরই ধারাবাহিকতায় ওই ইউনিয়নের ঘাকপাড়া দাখিল মাদ্রাসার ২০ জন শিক্ষার্থীকে সৌরবিদ্যুতের বাতি বিতরণ করা হয়। কিন্তু মাদ্রাসার সুপার মো. নাজিম উদ্দিন শিক্ষার্থীদের নাম তালিকাভুক্ত করতে জনপ্রতি ১০০ টাকা করে আদায় করেন। পরে শিক্ষার্থীরা জানতে পারে, বাতি পেতে কোনো টাকা লাগে না।
অভিভাবক হাতেম আলী বলেন, ‘সুপার কইছে টেহা না দিলে তালিকায় নাম উঠত না। তাই বাধ্য অইয়া টেহা দিছি। পরে হুনছি এই বাতি পাইতে কোনো টেহা লাগে না।’
অভিযোগ অস্বীকার করে মো. নাজিম উদ্দিন মুঠোফোনে বলেন, ‘আমি সোলার ল্যাম্প বিতরণে শিক্ষার্থীদের কাছ থেকে কোনো টাকা নিই নাই। এটা একটা ষড়যন্ত্র হতে পারে।’
মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি হারুন আর রশিদ বলেন, সুপার টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। বিষয়টি জানাজানি হওয়ায় সুপার অনেক শিক্ষার্থীকে নাকি টাকা ফেরত দিয়েছেন বলে শুনেছেন তিনি।
ইউএনও আবু সাঈদ মোল্লা বলেন, বিষয়টি তদন্ত করে দেখার জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে সুপারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।