সৈকত দখলে সাইনবোর্ড

পটুয়াখালীর কুয়াকাটার গঙ্গামতী এলাকায় সমুদ্রসৈকত দখল করতে সাইনবোর্ড স্থাপন করেছে একটি আবাসন প্রতিষ্ঠান। এর আগে সৈকত-লাগোয়া সংরক্ষিত বনের মূল্যবান গাছ কেটে ফেলে দুর্বৃত্তরা। গোড়ায় আগুন দিয়ে আরও গাছ নিধন করা হয়।
‘সানরাইজ বিচ রিসোর্ট’ গঙ্গামতী নামের আবাসন প্রতিষ্ঠানটি এ সাইনবোর্ড টাঙিয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ওই জমি তাঁদের নিজস্ব বলে দাবি করা হয়েছে।
বন বিভাগের পটুয়াখালী কার্যালয় সূত্রে জানা গেছে, কুয়াকাটার গঙ্গামতী, লতাচাপলি ও খাজুরা এলাকা নিয়ে বনের মহিপুর রেঞ্জ কার্যালয়ের আওতায় ১৩ হাজার ৯৮০ একর বন রয়েছে। এই বনে ছোট-বড় মিলিয়ে ১৪ লাখের মতো গাছ আছে। এসব গাছের মধ্যে কড়ই, রামতেঁতুল, গেওয়া, কেওড়া ও আকাশমণি রয়েছে। তবে কেওড়া ও আকাশমণির সংখ্যা বেশি।
গত জানুয়ারিতে দুই দফায় সৈকতের পূর্ব দিকে গঙ্গামতী সংরক্ষিত বনের ৭০টি কেওড়াগাছ যন্ত্রচালিত করাত দিয়ে কেটে ফেলা হয়। এ ঘটনায় বন বিভাগের পক্ষ থেকে পটুয়াখালীর কলাপাড়া থানায় একটি ও কলাপাড়া মুখ্য বিচারিক হাকিম আদালতে আরও দুটি মামলা করা হয়। তবে এরপরও গাছ কাটা বন্ধ হয়নি। এখন গোড়ায় আগুন দিয়ে গাছ নিধন করছে দুর্বৃত্তরা।
এ পরিপ্রেক্ষিতে বন বিভাগ ১৫ মার্চ জেলা প্রশাসক বরাবর চিঠি দিয়ে সংরক্ষিত বনের গাছ অবৈধভাবে কাটা বন্ধে সহযোগিতা চায়। কিন্তু চিঠি দেওয়ার পর সংরক্ষিত বনসংলগ্ন সৈকতে ‘সানরাইজ বিচ রিসোর্ট’-এর ওই সাইনবোর্ড টাঙানো হয়।
এ বিষয়ে জানতে চাইলে সানরাইজ বিচ রিসোর্ট আবাসন প্রতিষ্ঠানের পরিচালক আবদুর রহমান প্রথম আলোকে বলেন, সৈকত লাগোয়া ওই ভূমি তাঁদের নিজস্ব সম্পত্তি। এ-সংক্রান্ত কাগজপত্র তাঁদের আছে। তবে সংরক্ষিত বনের গাছ কাটার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, এতে তাঁদের কেউ জড়িত নন।
পটুয়াখালী বিভাগীয় বন কর্মকর্তা অজিত কুমার রুদ্র বলেন, কুয়াকাটায় সৈকত লাগোয়া বন। সংরক্ষিত বন ও সমুদ্রসৈকত ব্যক্তিমালিকানাধীন হতে পারে না। ভূমিদস্যুরা বনের ভূমি দখলের উদ্দেশ্যে যন্ত্রচালিত করাত দিয়ে গাছ কেটে এখন সাইনবোর্ড লাগিয়েছে। গাছ কাটার ঘটনায় তিনটি মামলা করা হয়েছে। তিনি আরও বলেন, সংরক্ষিত বনভূমির সীমানা নির্ধারণ ও অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে হবে। তাহলেই সমুদ্রসৈকত রক্ষা পাবে। এ ব্যাপারে জেলা প্রশাসকের কাছে চিঠি দিয়ে সহযোগিতা চাওয়া হয়েছে।
জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক ছিদ্দিকী বলেন, প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খোঁজখবর নিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
৩১ মার্চ প্রথম আলোয় ‘কুয়াকাটা সৈকত দখল করতে গাছ উজাড়’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।