সৈকতে পরিত্যক্ত বস্তার ভেতরে এক লাখ ইয়াবা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইল সৈকত এলাকায় একটি পরিত্যক্ত বস্তায় এক লাখ ইয়াবা বড়ি পাওয়া গেছে। গতকাল শুক্রবার ভোররাত তিনটার দিকে বস্তাটি খুঁজে পান বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি
বিজিবি সূত্র জানায়, টেকনাফ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদের নেতৃত্বে বিজিবির একটি টহল দল গাড়িতে করে সাবরাং খুরেরমুখ সীমান্তচৌকি এলাকায় যাচ্ছিল। পথে মুন্ডার ডেইল সৈকতে সহেন্দভাজন কয়েকজন লোককে ঘোরাঘুরি করতে দেখেন বিজিবি সদস্যরা। টহল দলের সদস্যরা গাড়ি থেকে নামলে ওই লোকেরা দৌড়ে পালিয়ে যান। পরে সেখান থেকে একটি বস্তা উদ্ধার করা হয়। ওই বস্তায় এক লাখ ইয়াবা বড়ি পাওয়া যায়। যার মূল্য প্রায় ৩ কোটি টাকা।
বিজিবি সূত্র জানায়, টহল গাড়ি দেখতে পেয়ে ইয়াবা পাচারকারীরা পালিয়ে যান। পরিত্যক্ত বস্তাটি পাচারকারীরা ফেলে যেতে পারেন। জব্দ করা ইয়াবা বড়ি ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পরে তা ধ্বংস করা হবে।
লে. কর্নেল আবুজার আল জাহিদ প্রথম আলোকে বলেন, আগে ওই এলাকা দিয়ে সমুদ্রপথে মানব পাচার করা হতো। এরপর সেখানে একটি নতুন সীমান্তচৌকি স্থাপন করা হয়। এতে মানব পাচার রোধ করা সম্ভব হয়। এখন একই স্থান দিয়ে পাচারকারীরা মিয়ানমার থেকে ইয়াবার চালান আনার চেষ্টা করছেন। গত কয়েক মাসে বেশ কয়েকটি বড় চালান জব্দ করা হয়েছে।