সৈকতে শুঁটকির মাচা, পর্যটকদের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপে সৈকতের বালুচর দখল করে গড়ে তোলা হয়েছে শুঁটকির মহাল। শুঁটকি শুকানোর জন্য তৈরি করা মাচার কারণে পর্যটকদের হাঁটাচলায় সমস্যা হচ্ছে। এ ছাড়া শুঁটকির গন্ধে নাক চেপে চলাফেরা করতে হচ্ছে পর্যটকদের।

স্থানীয় সূত্র জানায়, আগে সেন্ট মার্টিন দ্বীপে শুঁটকি তৈরি করা হতো গ্রামের ফসলি জমিতে। এখন বেশির ভাগ জমিই বাইরের লোকজনের কাছে বিক্রি হয়ে গেছে। এ কারণে কিছু ব্যবসায়ী সৈকতে শুঁটকি মহাল গড়ে তুলেছেন।

গতকাল শুক্রবার সরেজমিনে দেখা যায়, জেটির দক্ষিণ এবং উত্তর-পশ্চিম সৈকতের বিভিন্ন স্থানে শুঁটকি তৈরির জন্য মাচা ও ঝুপড়ি ঘর তৈরি করা হয়েছে। ঝুপড়িতে জেলেরা পরিবার-পরিজন নিয়ে বসবাস করছেন। আর মাচায় শুকানো হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছ। আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা মাছের নাড়িভুঁড়ি থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। সেন্ট মার্টিনের পূর্বপাড়া, জেটিঘাটের দক্ষিণ-উত্তর, পশ্চিমপাড়া, ব্লু-মেরিন পয়েন্ট, প্রাসাদ প্যারাডাইস-প্রিন্স হেভেন পয়েন্ট, উত্তর ডেইলপাড়া, অবকাশ পয়েন্ট, মেরিন পার্কের সৈকত দখল করে এসব শুঁটকি মহাল গড়ে তোলা হয়েছে।

ঝুপড়ি ঘরের বাসিন্দা আনোয়ারা বেগম বলেন, তাঁদের জমি বিক্রি করা হয়ে গেছে। তাই তাঁরা সৈকতের বালুচরে শুঁটকি তৈরি করছেন। শুঁটকি পাহারা দেওয়ার জন্য লোক দরকার। তাই ঝুপড়ি তৈরি করে পাহারা দিচ্ছেন।

শুঁটকি তৈরির শ্রমিক শাহজাহান বলেন, ‘জোয়ারের পানিতে ভেসে যাবে, সে জন্য শুঁটকি তৈরির জন্য কাটা মাছের নাড়িভুঁড়ি সৈকতে রেখে দিয়েছি। এতে একটু দুর্গন্ধ ছড়াচ্ছে এটা ঠিক।’

শুঁটকি মহালের মালিক নজির আহমদ, খোরশেদুল আলম, কালা মিয়া ও আবদুল আজিজ বলেন, এত বড় সমুদ্রসৈকতের কয়েকটি স্থানে মাচা বেঁধে শুঁটকি তৈরি করা হলে দোষ কী? এ কাজ করে তাঁরা লাভবান হচ্ছেন। আর এলাকার কিছু দরিদ্র মানুষ কাজ করে দু-মুঠো ভাত খেতে পারছেন। তাঁরা আরও বলেন, বিভিন্ন স্থানে শুঁটকি তৈরিতে কীটনাশক ব্যবহার করা হয়। কিন্তু সেন্ট মার্টিনে শুঁটকিতে কোনো ধরনের কীটনাশক ব্যবহার করা হয় না। তাই এখানকার শুঁটকির প্রচুর চাহিদা।

রাজশাহী থেকে বেড়াতে আসা ব্যবসায়ী তাজুল ইসলাম ও ঢাকার নবাবপুরের বাসিন্দা আবুল খায়ের বলেন, এর আগে কয়েকবার তাঁরা এখানে বেড়াতে এসেছেন। সে সময় সৈকতের পরিবেশ সুন্দর ছিল। এখন সৈকতে শুঁটকির মাচা করায় হাঁটাচলায় সমস্যা হচ্ছে। পাশাপাশি শুঁটকির দুর্গন্ধে নাক চেপে চলাচল করতে হচ্ছে।

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ফিরোজ আহমদ খান বলেন, সৈকত দখল করে শুঁটকির মহাল করায় এখানে বেড়াতে আসা পর্যটকদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

বর্তমান চেয়ারম্যান নুর আহমদ বলেন, বাধা উপেক্ষা করে কিছু প্রভাবশালী ব্যক্তি সৈকত দখল করে শুঁটকি মহাল তৈরি করেছেন। তাঁদের কয়েকবার নিষেধ করা হলেও কাজ হচ্ছে না।

পরিবেশ অধিদপ্তরের কক্সবাজারের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম বলেন, পর্যটকদের সুবিধার্থে ও পরিবেশ রক্ষায় দখলকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হবে।

এ প্রসঙ্গে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শফিউল আলম বলেন, এ ব্যাপারে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।