সৈকতের ৩০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ করা যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারে সমুদ্রসৈকতের ৩০০ মিটারের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না। এই সীমানার মধ্যে কোনো অবকাঠামো নির্মাণ করলে ব্যবস্থা নেবে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক)। শিগগিরই খুঁটি স্থাপন করে সমুদ্রসৈকতের সীমানা নির্ধারণ করে দেওয়া হবে।

গতকাল সোমবার কক্সবাজার শহরের বিএমএ ভবনে কউকের অস্থায়ী কার্যালয় প্রাঙ্গণে ‘ইমারত নির্মাণ ও ভূমি উন্নয়ন অনুমোদন’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে কউকের চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমদ এ কথা বলেন।

কউক চেয়ারম্যান বলেন, কক্সবাজারের এত দিন উন্নয়ন হয়েছে অপরিকল্পিতভাবে। যেখানে-সেখানে বহুতল ভবন হয়েছে। এ ক্ষেত্রে সরকারি আইন ও বিধিনিষেধ মানা হয়নি। বিশেষ করে সমুদ্রসৈকত এলাকায় অপরিকল্পিতভাবে নানা অবকাঠামো তৈরি করে পরিস্থিতি জটিল করা হয়েছে। কিন্তু এভাবে আর চলতে দেওয়া যাবে না। এখন থেকে প্রতিটি উন্নয়ন হবে কউকের গেজেটে উল্লেখিত মহাপরিকল্পনা অনুযায়ী।

ফোরকান আহমদ বলেন, সৈকতের হোটেল-মোটেল জোনে শুঁটকির দোকান থাকবে না। শহরের প্রধান সড়ক ও সৈকত সড়ককে যানজটমুক্ত রাখতে নানা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে কোনো হোটেল-মোটেল-গেস্টহাউসের সামনে কোনো গাড়ি দাঁড়িয়ে থাকতে পারবে না। ইতিমধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের সেই নির্দেশনা দেওয়া হয়েছে। তা ছাড়া শহরের ঐতিহ্যবাহী দিঘিগুলো সংরক্ষণ করে বিনোদনের স্থানে পরিণত করা হবে।

সভায় জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, ছোট্ট এই শহরকে যদি পরিকল্পিতভাবে সাজানো না যায়, তাহলে ভবিষ্যৎ প্রজন্মকেও ভুগতে হবে।

কউকের নগর পরিকল্পনাবিদ সরওয়ার উদ্দিন বলেন, কউক প্রকৌশলীদের তালিকা তৈরি করবে। তালিকাভুক্ত প্রকৌশলীরাই কেবল ভবনের নকশা করতে পারবেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী জহিরুল ইসলাম খন্দকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, কউকের সদস্য (প্রকৌশল) লে. কর্নেল আনোয়ারুল ইসলাম, সাইফুদ্দিন ফরাজি, বদিউল আলম ও প্রতিভা দাশ, কউক সচিব আবদুস সোবহান, কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন।

অনুষ্ঠান শেষে কউকের অস্থায়ী ভবনে ট্রাস্ট ব্যাংকের কালেকশন বুথ উদ্বোধন করা হয়। এই বুথে নির্ধারিত ফি জমা দিয়ে ইমারত নির্মাণ ও ভূমি উন্নয়ন অনুমোদনের ফরম সংগ্রহ করা যাবে।