সৈনিক লীগ-যুবলীগের সংঘর্ষ, নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গতকাল সোমবার বালু ভরাটের টাকার ভাগ-বাঁটোয়ারা নিয়ে সৈনিক লীগ ও যুবলীগের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলিতে সৈনিক লীগের এক নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ জন।
নিহত তৌকির হোসেন তারা মিয়া (৩৭) মুড়াপাড়া ইউনিয়ন সৈনিক লীগের সভাপতি। বাড়ি মঙ্গলেরগাঁও।
এলাকাবাসী ও পুলিশ জানায়, মুড়াপাড়ার মঙ্গলখালীর ওয়াটা কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কারখানায় বালু ভরাটের কাজ দেওয়া হয় তারা মিয়াকে। পরে স্থানীয় আওয়ামী লীগের নেতাদের সমঝোতায় দলীয় সিদ্ধান্ত মোতাবেক কাজের লভ্যাংশ ইউনিয়নের ২ ও ৩ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে ভাগ করে দেওয়ার ফয়সালা হয়। তবে তারা মিয়া আয়-ব্যয়ের হিসাব না দেওয়ায় ইউনিয়নের যুবলীগের কর্মী আইবুর মিয়ার সঙ্গে তাঁর মনোমালিন্য চলছিল। এর জেরে রোববার সকালে আইবুরের লোকজন তারা মিয়ার সমর্থক সুমনকে পিটিয়ে আহত করে। গতকাল দুপুরে মঙ্গলখালীতে উভয় পক্ষ টেঁটা, বল্লমসহ ধারালো ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে তারা মিয়া গুলিবিদ্ধ হন। উভয় পক্ষের ১৫ জন আহত হন। তারা মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে বেলা তিনটার দিকে তিনি মারা যান।
তারা মিয়ার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে তাঁর সমর্থকেরা যুবলীগ নেতা আইবুর ও আক্তার হোসেনের বসতবাড়িতে আগুন ধরিয়ে দেন।