সৈয়দপুরে হাটে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের হামুরহাটে ছয় দোকান ও এক বাড়িতে ডাকাতি হয়েছে। গত রোববার গভীর রাতে এ ঘটনা ঘটে।

ডাকাতদের হামলায় ছয়জন আহত হন। তাঁরা হলেন হোটেল শ্রমিক আটাও (১৬), চন্দন (১৭), আমদার (১৮), পর্বত (১৬), মাজেদুর (২০) ও মিঠুন (১৭)। খবর পেয়ে সৈয়দপুর থানা-পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। তবে এর আগেই ডাকাত দল পালিয়ে যেতে সক্ষম হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ধারালো অস্ত্রে সজ্জিত একদল ডাকাত গত রোববার দিবাগত রাত দুইটার দিকে হামুরহাটে আসে। তারা ওই বাজারের আবদুর রহিমের কাপড়ের দোকান ঢুকে দেড় লাখ টাকার মালামার লুট করে। এরপর তারা লালবাবু বিশ্বাস ও কাঞ্চন বিশ্বাসের দোকান থেকে ৫০ হাজার, রওশন আলীর ফ্লেক্সিলোডের দোকান থেকে ৫০ হাজার টাকার মালামাল, মিঠুন ডেকোরেটরের কম্পিউটার ও কনক হোটেল থেকেআড়াই হাজার টাকা লুট করে নিয়ে যায়। এ ছাড়া ডাকাত দল পাশের নূর ইসলামের বাসায় ঢুকে পাঁচ হাজার টাকা ও চারটি মুঠোফোন নিয়ে যায়।

গতকাল সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হাসান ও সৈয়দপুর সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান।

সৈয়দপুর থানার ওসি ইসমাইল হোসেন বলেন, ‘আমরা তৎপরতা চালাচ্ছি। শিগগিরই এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হবে।’