সৈয়দপুর রেলওয়ে পুলিশ সুপারকে হত্যার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তোর দিন শেষ। সাবধান, তোর মৃত্যু আমার হাতে, কেউ তোকে রক্ষা করতে পারবে না। প্রতীকী কাফনের কাপড়সহ লালচিঠি লেখে এভাবেই গ্রেনেড মেরে হত্যার হুমকি দেওয়া হয়েছে নীলফামারী সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ সুপার সিদ্দিকী তাঞ্জিলুর রহমানকে। গতকাল বুধবার ডাকযোগে ওই চিঠি পুলিশ সুপারের কার্যালয়ে এসে পৌঁছে।

রেলওয়ে পুলিশ সুপার (জিআরপি) কার্যালয় সূত্রে জানা গেছে, রেল চলাচলে বাধা, রেলপথ উপড়ে ফেলা, ট্রেনে আগুনসহ ব্যাপক নাশকতা করা হচ্ছিল ইতিপূর্বে। বিএনপি-জামায়াত জোট ওই নাশকতা চালায়। ওই সময় সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ ঝুঁকি নিয়ে রেল চলাচল স্বাভাবিক রাখে। একের পর এক ধরপাকড় করে নাশকতাকারীদের। জামিন পেয়ে তারা আবার তৎপর হয়ে ওঠে। তারাই পুলিশ সুপারকে হত্যার হুমকি দিয়েছে।

অজ্ঞাত ব্যক্তির লেখা চিঠিতে বলা হয়, উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিনের সহযোগিতায় রেল পুলিশ বাবুল নামের এক ব্যক্তির মাধ্যমে ঈদ-পরবর্তী সময়ে কালোবাজারে রেলের টিকিট বিক্রি করে। পুলিশ সুপারকে উদ্দেশ করে বলা হয়, ‘তুমি এ থেকে অনেক লাভবান হয়েছ। চেয়ারম্যানের মৃত্যুও আমার হাতে লেখা। আমি তোকে মারব। তোর বাসভবন থেকে বের হওয়ার সময় গ্রেনেড মেরে তোর গাড়ি উড়িয়ে দেব।’ চিঠিতে জামায়াতে ইসলামীর কয়েকজন নেতার নাম উল্লেখ করা হয়েছে। এর মধ্যে কয়েকজন নাশকতা মামলার আসামির নামও রয়েছে। জামায়াতের মুখপত্র নয়া দিগন্তের স্থানীয় প্রতিনিধির নামও উল্লেখ করা হয়েছে ওই চিঠিতে। বলা হয়েছে ওরা চিঠি লেখককে সহযোগিতা করছে।

এ ব্যাপারে সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ সুপার সিদ্দিকী তাঞ্জিলুর রহমানের সঙ্গে কথা বললে তিনি চিঠি প্রাপ্তির কথা স্বীকার করেন। তিনি বলেন, ‘বিষয়টিকে প্রথমত গুরুত্ব দিইনি। কিন্তু এর আদ্যোপ্রান্ত পড়ে মনে হয়েছে, এটি পরিকল্পিত। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আইনি পদক্ষেপ নেওয়া হবে।’