সৈয়দপুরে একজনকে হত্যার চেষ্টা
নীলফামারীর সৈয়দপুরে হাতিখানা কবরস্থানে প্রতীকী কারবালায় নামাজ পড়ার সময় এক ব্যক্তিকে হত্যার চেষ্টা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মাগরিবের নামাজ আদায়কালে পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় মোহাম্মদ হুসনাইন (৬০) নামের আহলে সুন্নাতের মতাদর্শী ওই ব্যক্তিকে। তিনি সৈয়দপুর শহরের গোলাহাট রেল কলোনির বাসিন্দা।
আহত অবস্থায় প্রথমে তাঁকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক তোফায়েল আহমেদ গতকাল রাতে প্রথম আলোকে বলেন, মোহাম্মদ হুসনাইনের ঘাড়ে কোপানো হয়েছে। তিনি আশঙ্কামুক্ত নন।
পুলিশ জানায়, প্রতীকী কারবালায় নামাজ আদায় করতে আসেন হুসনাইন। সেজদায় গিয়ে তিনি অনুভব করেন পেছন থেকে কেউ তাঁকে আঘাত করছেন। এ অবস্থায় তিনি বমি করা শুরু করেন। পরে ঘাড়ে হাত দিয়ে দেখতে পান রক্ত বয়ে যাচ্ছে। আঘাতকারী দুর্বৃত্তের হাতে ছিল ধারালো চাকু, যা হাতে নিয়ে ৩০ বছর বয়সী অজ্ঞাত ওই যুবক পালিয়ে যেতে সক্ষম হন। এ সময় কারবালা চত্বর নির্জন ছিল। পুলিশকে এসব তথ্য দিয়েছেন আহত হুসনাইন।
মোহাম্মদ হুসনাইনের ছেলে মোহাম্মদ কাওসাইন বলেন, তাঁর বাবা মসজিদ ও বাসা ছাড়া তেমন কোথাও যেতেন না। তাঁর কোনো শত্রু নেই। কারা এটা ঘটিয়েছেন তা বুঝতে পারছেন না।
সৈয়দপুর থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, সম্ভবত হত্যার উদ্দেশ্যেই ওই হামলা চালানো হয়। এটা পরিকল্পিত। ঘটনাটি সম্পর্কে তদন্ত চলছে বলে জানান তিনি।