সৈয়দপুরে গৃহবধূকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় গতকাল মঙ্গলবার সকালে মাড়োয়ারি সম্প্রদায়ের গৃহবধূ আশা সিংহানিয়াকে (৩০) হত্যার অভিযোগ উঠেছে। খবর পেয়ে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আশার স্বামী বাবলী আগরওয়ালাকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

ওই গৃহবধূর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়ার মৃত গোপালের মেয়ে আশার সঙ্গে সৈয়দপুর শহরের মাড়োয়ারিপট্টি মহল্লার ব্যবসায়ী সিংহানিয়ার ছেলে বাবলী আগরওয়ালার ১২-১৩ বছর আগে বিয়ে হয়। তাঁর সংসারে ভূমি সিংহানিয়া নামে এক মেয়ে রয়েছে। সে ষষ্ঠ শ্রেণিতে পড়ে।

আশার বড় ভাই দিলীপ সিংহানিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমি শতভাগ নিশ্চিত, আমার বোনকে হত্যা করা হয়েছে। কারণ, বোনের মৃত্যুর খবর অন্য লোকের মাধ্যমে পেয়ে আমরা ছুটে এসেছি।’

সৈয়দপুর থানার পরিদর্শক (তদন্ত) তাজউদ্দিন বলেন, এ ঘটনায় গতকাল রাতে দিলীপ সিংহানিয়া একটি মামলা করেছেন। আশার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর লাশ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে স্বামী বাবলী আগরওয়ালাকে গ্রেপ্তার করেছে পুলিশ।