সৈয়দপুরে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধার বাড়ি ভাঙচুর
নীলফামারীর সৈয়দপুর উপজেলায় চাঁদা না পেয়ে এক মুক্তিযোদ্ধার বাড়ি ভাঙচুর করেছে একদল সন্ত্রাসী। গতকাল মঙ্গলবার সৈয়দপুর শহরের বাঙ্গালীপুর নিজবাড়ি মহল্লায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বাঙ্গালীপুর নিজবাড়ি মহল্লায় সবুজ সংঘ মাঠসংলগ্ন এলাকায় মৃত মুক্তিযোদ্ধা মহরম আলীর বাড়ি। ওই বাড়িতে তাঁর মেয়ে মোবাশ্বেরা বেগম তাঁর স্বামী ও সন্তানদের বাড়িতে বাস করেন।
গতকাল বেলা দুইটার দিকে এলাকার ১৫-২০ জন সন্ত্রাসী ওই বাড়িতে এসে মোবাশ্বেরার কাছে পাঁচ শ টাকা চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে রাজি না হওয়ায় সন্ত্রাসীরা ওই বাড়ি ভাঙচুর করে।
খবর পেয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন ঘটনাস্থলে ছুটে আসেন। এর আগেই সন্ত্রাসীরা পালিয়ে যায়। পুলিশ তাৎক্ষণিক তাদের আঁস্তানায় অভিযান চালিয়ে মো. ওয়াসিম (২০) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে।
এ ঘটনায় গতকাল মুক্তিযোদ্ধার মেয়ে মোবাশ্বেরা বেগম বাদী হয়ে রাব্বি, মাজেদুল, আতিয়ার, রাহাত লোহানী, ফেরদৌস, মালেক, শুভ, সুজন ও ওয়াসিমের বিরুদ্ধে থানায় একটি মামলা করেছেন।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, মুক্তিযোদ্ধার বাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে।