সৈয়দপুরে জুয়ার আসর থেকে ইউপি সদস্য আটক, পরে মুচলেকা দিয়ে মুক্ত
নীলফামারীর সৈয়দপুরে একটি জুয়ার আসর থেকে এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। গত সোমবার রাতে উপজেলার কামারপুকুর ইউনিয়নের কামারপুকুর নিজবাড়ী এলাকার একটি বাঁশঝাড়ে বসা জুয়ার আসর থেকে তাঁকে আটক করা হয়।
আটক হওয়া ইউপি সদস্যের নাম ইলিয়াস আলী (৫৮)। তিনি উপজেলার ১ নম্বর কামারপুকুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য। গতকাল মঙ্গলবার মুচলেকা নিয়ে ওই ইউপি সদস্যকে ছেড়ে দেয় পুলিশ।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, কামারপুকুর ইউনিয়নের কামারপুকুর নিজবাড়ীর একটি বাঁশঝাড়ে দীর্ঘদিন ধরেই নিয়মিত জুয়ার আসর বসে। এ আসরে স্থানীয় জনপ্রতিনিধিসহ নানা পেশার মানুষ অংশ নেয়। গোপন সূত্রে খবর পেয়ে গত সোমবার রাতে ওই আসরে অভিযান চালানো হয়। অন্য জুয়াড়িরা পালিয়ে গেলেও আসর থেকে জুয়াখেলার নানা সরঞ্জামসহ ইউপি সদস্য ইলিয়াস আলীকে আটক করে পুলিশ। পরে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান জিকো আহমেদের মধ্যস্থতায় তাঁকে ছেড়ে দেয় পুলিশ।
সৈয়দপুর থানার ওসি ইসমাইল হোসেন জুয়ার আসর থেকে ওই ইউপি সদস্যকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটক ইলিয়াস আলী একজন জনপ্রতিনিধি। তাই তাঁকে ভ্রাম্যমাণ আদালতে দেওয়া হয়নি। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান জিকো আহমেদ নীলফামারী পুলিশ সুপারের কাছে মুচলেকা দিয়ে তাঁকে ছাড়িয়ে নিয়েছেন।
জিকো আহমেদও জুয়ার আসর থেকে ইলিয়াস আলীকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই ইউপি সদস্য লিখিতভাবে আর জুয়া না খেলার অঙ্গীকার করেছেন।