সৈয়দপুরে দম্পতিকে মারধরের অভিযোগ
নীলফামারীর সৈয়দপুর উপজেলায় পূর্বশত্রুতার জের ধরে এক বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও এক দম্পতিকে মারধরের অভিযোগ উঠেছে। গত শনিবার শহরের হাতিখানা বানিয়াপাড়া রোডে প্রতিপক্ষের লোকজন মিন্টু খানের বাড়িতে হামলা চালান এবং তাঁকে ও তাঁর স্ত্রীকে মারধর করেন। এ ঘটনায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী এবং ওই অভিযোগ সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জের ধরে শনিবার বেলা ১১টার দিকে দাদন খানের নেতৃত্বে অজ্ঞাত পাঁচ-ছয়জন লোক সংঘবদ্ধ হয়ে মিন্টুর হাতিখানা বানিয়াপাড়ার বাড়িতে যান। এ সময় দাদন খানের নির্দেশে তাঁর সঙ্গে থাকা লোকজন মিন্টুকে মারধর করেন। তাঁরা মিন্টুকে কুড়াল দিয়ে আঘাতেরও চেষ্টা করেন। তখন স্বামীকে বাঁচাতে মিন্টুর স্ত্রী রীমা এগিয়ে এলে ওই লোকজন তাঁর ওপরও চড়াও হয় এবং তাঁর শ্লীলতাহানির চেষ্টা করেন। তাঁরা রীমার চুলের মুঠি ধরে তাঁকে মাটিতে ফেলে দেন ও লাথি মারেন। এ সময় রীমার কোলে থাকা ১১ মাসের শিশুসন্তান রাকিন মাটিতে ছিটকে পড়ে। মিন্টু দম্পতির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যান। পরে মিন্টুকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ ব্যাপারে জানতে দাদন খানের বাড়ি গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তাঁর মুঠোফোনও বন্ধ পাওয়া যায়।
অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন এসআই গৌতম কুমার রায়।