সৈয়দপুরে পুলিশ কর্মকর্তার বাবার লাশ উদ্ধার
নীলফামারীর সৈয়দপুর উপজেলায় গতকাল বুধবার পুলিশ কর্মকর্তার বাসভবন থেকে তাঁর বাবা মনিন্দ চন্দ্র সরকারের (৬০) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তিনি ঢাকার আর্মড পুলিশ ব্যাটালিয়নের উপপরিদর্শক (এসআই) সুমন চন্দ্র সরকারের বাবা।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সৈয়দপুর শহরের কয়ানিজপাড়া মহল্লার নির্মাণাধীন বাসায় মনিন্দ চন্দ্র একাই থাকতেন। গত মঙ্গলবার রাতে তিনি নিজ কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ করে শুয়ে পড়েন। গতকাল সকালে বৃদ্ধের বড় ছেলে স্থানীয় একটি রোগ নির্ণয় কেন্দ্রের (সেন্ট্রাল ল্যাব) পরিচালক দিলীপ চন্দ্র সরকার বাসায় এসে বাবার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখেন। পরে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখেন বাবা সেলিং ফ্যানের সঙ্গে ঝুঁলে আছেন। দিলীপ চাঁদনগর মহল্লার আনসারী কোয়ার্টারে ভাড়া বাসায় থাকেন। তাঁদের গ্রামের বাড়ি নেত্রকোনার খালিয়াজুড়িতে।
এ ব্যাপারে দিলীপের সঙ্গে কথা বলতে চাইলে তিনি কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, ‘আমি নিজেও অসুস্থ, বেশি কিছু বলতে পারব না। এ মৃত্যুকে রহস্যজনক মনে করেন তিনি। ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে।’
এ ব্যাপারে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম বলেন, ‘মনিন্দ চন্দ্রের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে।’