সৈয়দপুরে বাল্যবিবাহের প্রতিবাদে উপজেলা পরিষদ ঘেরাও
নীলফামারীর সৈয়দপুরে বাল্যবিবাহের শিকার মাদ্রাসাছাত্রী নূরুন্নাহার (১২) সহপাঠীদের নিয়ে বাল্যবিবাহের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ ঘেরাও করেছে। এ ছাড়া বিক্ষুব্ধ শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে গতকাল দুপুরে প্রতিকার চেয়ে স্মারকলিপিও দিয়েছে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়নের নিজবাড়ী আলোকদিপাড়া গ্রামের মুরগি ব্যবসায়ী নবিউল ইসলাম ওরফে কালার মেয়ে ও আইসঢাল খিয়ারপাড়া আলিম অ্যান্ড ভোকেশনাল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী নূরুন্নাহারের গত বুধবার রাতে বিয়ে ঠিক হয়। বর ছিলেন পাশের রংপুরের তারাগঞ্জ উপজেলার রাজমিস্ত্রি লুৎফর রহমান। ঘটনাটি প্রশাসনের নজরে এলে বাল্যবিবাহ বন্ধ করে দেওয়া হয়। পরে গভীর রাতে পাশের এলাকায় নিয়ে গিয়ে ছাত্রীর ইচ্ছের বিরুদ্ধে বাল্যবিবাহ সম্পন্ন করা হয়। এর প্রতিবাদে বাল্যবিবাহের শিকার ছাত্রীসহ সহপাঠীরা গতকাল দুপুরে উপজেলা পরিষদ ঘেরাও করে ও তারা ইউএনওকে স্মারকলিপি দেয়। এ সময় মাদ্রাসার শিক্ষকেরাও উপস্থিত ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউএনও আবু ছালেহ মো. মুসা জঙ্গী বলেন, ওই ছাত্রীর বাবাকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিলে ক্ষুব্ধ শিক্ষার্থীরা তাদের ঘেরাও কর্মসূচি তুলে নেয়।